স্টাফ রিপোর্টার: ঢাকাসহ দেশের আট জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
শুক্রবার (৫ জুন) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সন্ধ্যা পর্যন্ত রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে। এর ফলে বিভিন্ন অঞ্চলে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ কিছু এলাকায় প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
সংস্থাটি জানিয়েছে, দেশের উত্তর-পূর্বাঞ্চলে তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় তাপপ্রবাহ আরও কিছু এলাকা থেকে প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পরবর্তী দুই দিনে সারা দেশে তাপমাত্রা সামান্য কমতে পারে এবং ঝড়বৃষ্টি ও ভারি বর্ষণের প্রবণতা অব্যাহত থাকতে পারে।