রিপোর্টার্স২৪ ডেস্ক: নির্দিষ্ট কিছু ক্যাটাগরির মার্কিন নন-ইমিগ্র্যান্ট ভিসা আবেদনকারীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস। নতুন নিয়ম অনুযায়ী, এসব আবেদনকারীকে তাদের সব সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলের প্রাইভেসি সেটিংস ‘পাবলিক’ বা সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখতে হবে।
শুক্রবার (৫ জুন) যুক্তরাষ্ট্র দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।
দূতাবাস জানায়, গত ৩০ মার্চ থেকে এই নতুন নির্দেশনা কার্যকর হয়েছে। যুক্তরাষ্ট্রে প্রবেশের যোগ্যতা যাচাই এবং আবেদনকারীর পরিচয় নিশ্চিত করার প্রক্রিয়া আরও কার্যকর ও গতিশীল করার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে এই নিয়ম সব ধরনের নন-ইমিগ্র্যান্ট ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়। নির্দিষ্ট কয়েকটি ক্যাটাগরির আবেদনকারী এবং তাদের নির্ভরশীলদের জন্য এটি বাধ্যতামূলক।
নির্দেশনা অনুযায়ী, এ-৩ ও সি-৩ (গৃহকর্মী সংক্রান্ত), জি-৫, এইচ-৩ এবং এইচ-৪ ভিসা আবেদনকারীরা এই নিয়মের আওতায় পড়বেন। পাশাপাশি কে-১, কে-২, কে-৩, কিউ, আর-১ এবং আর-২ ভিসা ক্যাটাগরির আবেদনকারী এবং তাদের নির্ভরশীলদের ক্ষেত্রেও সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইল উন্মুক্ত রাখা বাধ্যতামূলক।
এছাড়া এস, টি ও ইউ ভিসার আবেদনকারীদেরও তাদের সব সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইল ‘পাবলিক’ রাখতে বলা হয়েছে।
দূতাবাসের ভাষ্য অনুযায়ী, আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যম তথ্য যাচাইয়ের মাধ্যমে পরিচয় ও যোগ্যতা যাচাই প্রক্রিয়া আরও সহজ ও নির্ভুল করা হবে।
এ বিষয়ে বিস্তারিত জানতে সংশ্লিষ্ট আবেদনকারীদের মার্কিন দূতাবাসের অফিসিয়াল নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
দূতাবাস আরও জানিয়েছে, ভিসা প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা এবং জটিলতা এড়াতে নতুন এই নিয়ম যথাযথভাবে অনুসরণ করা জরুরি।
রিপোর্টার্স২৪/ঝুম