রিপোর্টার্স২৪ ডেস্ক: মাসে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের জন্য কোনো মূল্যবৃদ্ধি হচ্ছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সরকারের এ সিদ্ধান্তে নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত শ্রেণির বিপুলসংখ্যক পরিবার সরাসরি উপকৃত হবে বলে তিনি উল্লেখ করেন।
শনিবার (৬ জুন) সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
ডা. জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) শুনানির মাধ্যমে বিদ্যুতের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিলেও সরকারের নির্দেশনা অনুযায়ী মাসে শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের ক্ষেত্রে বিদ্যমান মূল্যই বহাল থাকবে। ফলে দেশের প্রায় ৬৫ শতাংশ গ্রাহককে অতিরিক্ত কোনো অর্থ গুনতে হবে না।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ কমিয়ে রাখতে সরকার বিশেষভাবে নিম্ন আয়ের জনগোষ্ঠীর স্বার্থ বিবেচনায় রেখেই এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।
সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, অতীত সরকারের আমলে সংঘটিত দুর্নীতি, অর্থ পাচার এবং নানা অনিয়মের প্রভাব এখনো দেশের অর্থনীতি ও জ্বালানি খাতে বহন করতে হচ্ছে। বর্তমান সরকার সেই সংকট মোকাবিলায় কাজ করছে।
তিনি বলেন, সরকার একদিকে দুর্নীতির চক্র ভাঙতে কঠোর অবস্থান নিয়েছে, অন্যদিকে রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নানা উদ্যোগ বাস্তবায়ন করছে। তার দাবি, অতীত সরকারগুলো উৎপাদনমুখী অর্থনীতির পরিবর্তে আমদানিনির্ভর নীতিকে অগ্রাধিকার দেওয়ায় বিদ্যুৎ ও জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি সংকট তৈরি হয়েছে।
সরকারের মতে, বিদ্যুৎ ও জ্বালানি খাতে টেকসই সংস্কার এবং সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে ভবিষ্যতে এ খাতকে আরও কার্যকর ও জনবান্ধব করে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।
রিপোর্টার্স২৪/ঝুম