রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকা শহর এখন আর বাসযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ব্যক্তিগতভাবেও তার মনে হয় তিনি ঢাকা ছেড়ে দেশের অন্য কোনো শহরে চলে যাবেন, কারণ রাজধানীর বর্তমান পরিস্থিতি বসবাসের উপযোগী নয়।
শনিবার (৬ জুন) রাজধানীর একটি হোটেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে নাগরিক প্ল্যাটফর্ম ‘দক্ষিণের জানালা’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আজকাল আমার নিজেরই মনে হয় যে আমি ঢাকা শহরে থাকবো না, দেশের অন্য শহরে গিয়ে থাকবো। কারণ এটা আর বাসযোগ্য মনে হয় না।” তিনি বলেন, শহরের বাতাস পর্যন্ত দূষিত হয়ে পড়েছে এবং নাগরিকরা বিশুদ্ধ অক্সিজেন থেকেও বঞ্চিত হচ্ছে।
তিনি আরও বলেন, “ঘর থেকে বের হলেই আমরা যে অক্সিজেন গ্রহণ করি, সেটাও দূষিত। সরকারি হাসপাতালে গেলে সেখানে ঢোকাই যায় না। প্রতিটি প্রতিষ্ঠানই ধ্বংসের দিকে চলে যাচ্ছে।” তার মতে, এ অবস্থা থেকে বের হতে না পারলে উন্নয়নের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব নয়।
বিএনপি মহাসচিব বলেন, শুধু নাগরিকদের সচেতন করলেই সমস্যার সমাধান হবে না, বরং নীতিনির্ধারক ও নগর পরিচালনাকারীদের জবাবদিহির আওতায় আনতে হবে। তিনি বলেন, হাজার হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়িত হলেও সাধারণ মানুষ কতটা উপকৃত হচ্ছে—তা মূল্যায়ন করা জরুরি।
তিনি আরও বলেন, বাসযোগ্য শহর গড়ে তুলতে হলে দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং নাগরিক অধিকার রক্ষায় সম্মিলিত আন্দোলন গড়ে তোলা প্রয়োজন।
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসনিক দিক ও নগর ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্যও উঠে আসে। স্থানীয় সরকার সংশ্লিষ্টরা জানান, সিটি করপোরেশন একটি স্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে নাগরিক সেবা আরও কার্যকর করতে কাজ করছে।
রিপোর্টার্স২৪/ঝুম