বাগেরহাট প্রতিনিধি: সাংবাদিক কামরুজ্জামান শিমুলের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাগেরহাটে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে কথিত সাংবাদিক ও চিহ্নিত চাঁদাবাজদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়।
শনিবার (৬ জুন) সকাল ১০টায় বাগেরহাট প্রেসক্লাবের সামনে “বাগেরহাটের সর্বস্তরের সচেতন জনগণ” ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পেশাগত দায়িত্ব পালন ও সত্য সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক কামরুজ্জামান শিমুলকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। তাদের দাবি, একটি স্বার্থান্বেষী মহল দীর্ঘদিন ধরে স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকার বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
বক্তারা আরও বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়ের করা হলে গণমাধ্যমের স্বাধীনতা হুমকির মুখে পড়বে। তারা অবিলম্বে শিমুলের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, বাগেরহাট রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টুটুল, জেলা বিএনপি নেতা সরদার অহিদুজ্জামান পল্টু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শরীফ মোস্তফা জামান লিটু, জেলা যুবদলের সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইমরান হোসাইন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু, প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোল্লা আব্দুর রব, প্রেসক্লাব রামপালের সাবেক সভাপতি সবুর রানা এবং দৈনিক আমার দেশ-এর বাগেরহাট জেলা প্রতিনিধি শেখ মিরানুজ্জামানসহ আরও অনেকে।
এ সময় বক্তারা কথিত সাংবাদিক ও চিহ্নিত চাঁদাবাজ হিসেবে অভিযুক্ত কয়েকজনের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে মামলা প্রত্যাহার না করা হলে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। পরে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়।
রিপোর্টার্স২৪/ঝুম