চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের হাইমচর মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় তিনটি ডেজার জব্দ করা হয়েছে। এ সময় আটক তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৬ জুন) সকালে নদীতে অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়।
আটক ব্যক্তিরা হলেন, ইউনিয়নের মধ্য চারভাঙা গ্রামের মৃত তোফাজ্জল হোসেন সরকারের ছেলে আশরাফুল আলম সরকার (৩৮), মাঝের চর সাহেবগঞ্জ বাজারের দাদান মিয়া মোল্লার ছেলে কুদ্দুস আলী (৩২) ও আলী হোসেনের ছেলে আক্কাস ফকির (৪৫)।
এদের মধ্যে আশরাফুলকে ৩ মাসের এবং কুদ্দুস ও আক্কাসকে ১ মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা প্রশাসন থেকে জানানো হয়, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নির্বাহী অফিসার অমিত রায় ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ আহমেদ অভিযান চালিয়ে নদী থেকে বালু উত্তোলনের সময় ৩টি অবৈধ ড্রেজার ও ৩ জনকে আটক করে হাইমচর উপজেলায় নিয়ে আসেন।
জব্দ অবৈধ ড্রেজার মেশিনগুলো নীলকমল ইউনিয়ন পরিষদের সচিব ও গ্রাম পুলিশের হেফাজতে রয়েছে।
স্থানীয়রা জানান, প্রায় সময় এমন করে অবৈধ ড্রেজার দিয়ে মাটি কাটার ফলে চরে ভাঙন দেখা দেয়। আগের মতো এখনো রাজনৈতিক প্রভাব খাটিয়ে রাতের আঁধার চরের ফসলী জমি নষ্ট করে দিচ্ছে তারা।
হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায় বলেন, কারাদণ্ড প্রাপ্ত ৩ ব্যাক্তিকে কারাগারে পাঠানো হয়েছে। মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্টার্স২৪/মিতু