স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ হলেও উত্তেজনায় ভরপুর ছিল পর্তুগাল ও চিলির মধ্যকার ম্যাচ। এস্তাদিও নাসিওনালে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত আক্রমণ-পাল্টা আক্রমণ, উত্তপ্ত পরিস্থিতি এবং দুটি লাল কার্ডের নাটকীয়তায় ভরপুর লড়াইয়ে ২-১ গোলে জয় পেয়েছে পর্তুগাল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে পর্তুগাল। চতুর্থ মিনিটে রুবেন দিয়াসের শক্তিশালী হেড দারুণভাবে রুখে দেন চিলির গোলরক্ষক। কিছুক্ষণ পর রাফায়েল লেয়াওয়ের শট পোস্টে লেগে ফিরে এলে এগিয়ে যাওয়ার সুযোগ হারায় পর্তুগিজরা।
১৮তম মিনিটে ক্রিশ্চিয়ানো রোনালদোর শটও ফিরিয়ে দেন চিলির গোলরক্ষক। ৩৬তম মিনিটে রোনালদো বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।
প্রথমার্ধের শেষ দিকে ম্যাচে উত্তেজনা চরমে পৌঁছায়। বল দখলকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রেফারি সরাসরি লাল কার্ড দেখান পর্তুগালের রাফায়েল লেয়াও এবং চিলির ইভান রোমানকে।
বিরতির পর কোচ পরিবর্তন এনে নতুন ছন্দে দল সাজান পর্তুগাল। ৫৮তম মিনিটে রুবেন নেভেসের নিখুঁত পাস থেকে বদলি নামা গনসালো গেদেস গোল করে দলকে এগিয়ে দেন।
এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের করে নেয় পর্তুগাল। ব্রুনো ফার্নান্দেজের দূরপাল্লার দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ হয়, যা ম্যাচের অন্যতম সেরা গোল হিসেবে বিবেচিত হয়।
অতিরিক্ত সময়ে লুকাসের দূরপাল্লার শটে একটি গোল শোধ করে চিলি। তবে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানেই জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে পর্তুগাল।
ম্যাচের দ্বিতীয়ার্ধে ক্রিশ্চিয়ানো রোনালদোকে তুলে নেন কোচ রবার্তো মার্তিনেজ। পুরো ম্যাচে তিনি মাঠে ছিলেন না।
পর্তুগাল আগামী বুধবার নাইজেরিয়ার বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর ১৭ জুন ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে। ‘কে’ গ্রুপে পর্তুগালের অন্য দুই প্রতিপক্ষ উজবেকিস্তান ও কলম্বিয়া।
রিপোর্টার্স২৪/বাবি