স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তার হত্যা মামলার রায় আজ রোববার (৭ জুন) ঘোষণা করা হবে। ঢাকার মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ মামলার রায় ঘোষণা করবেন।
গত ১৯ মে প্রতিবেশী ভাড়াটিয়ার বাসায় রামিসার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় মামলা করেন। মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আসামি করা হয়। তাদের বিরুদ্ধে ধর্ষণ, হত্যা এবং আলামত নষ্ট ও মরদেহ গোপনের চেষ্টার অভিযোগ আনা হয়।
ঘটনার গুরুত্ব বিবেচনায় দ্রুত তদন্ত ও বিচারিক কার্যক্রম সম্পন্ন করা হয়। তদন্ত প্রতিবেদন দাখিল, অভিযোগ গঠন, সাক্ষ্যগ্রহণ, আসামিদের আত্মপক্ষ সমর্থন এবং উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে গত ২ জুন মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়।
মামলায় চার্জশিটভুক্ত ১৮ জন সাক্ষীর মধ্যে ১৬ জন আদালতে সাক্ষ্য দেন। সাক্ষ্যগ্রহণ শুরু হয় শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লার জবানবন্দির মাধ্যমে। পরে ভুক্তভোগীর মা, বড় বোন, স্বজন, প্রতিবেশী, সুরতহাল প্রস্তুতকারী কর্মকর্তা, ময়নাতদন্তকারী চিকিৎসক ও তদন্ত কর্মকর্তাসহ অন্য সাক্ষীরা আদালতে বক্তব্য দেন।
সুরতহাল প্রস্তুতকারী কর্মকর্তা এসআই মো. ইকবাল হোসেন আদালতে জানান, ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়। তিনি বলেন, মরদেহটি ঘরের বিভিন্ন স্থানে পাওয়া যায় এবং ঘটনাস্থলে রক্তের চিহ্ন ও অন্যান্য আলামত সংগ্রহ করা হয়।
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ডা. নাসাদ জাবিন আদালতে দেওয়া সাক্ষ্যে বলেন, ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষায় শিশুটির শরীরে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়। ডিএনএ ও অন্যান্য পরীক্ষার ফলাফলেও গুরুত্বপূর্ণ আলামত পাওয়া গেছে।
মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই অহিদুজ্জামান আদালতে বলেন, ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ এবং আসামিদের জিজ্ঞাসাবাদ ও অন্যান্য তথ্য-উপাত্তের ভিত্তিতে অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছে। তিনি দাবি করেন, তদন্তে প্রাপ্ত তথ্য ও ফরেনসিক প্রতিবেদনে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগের সমর্থন পাওয়া গেছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতে আসামিদের সর্বোচ্চ শাস্তির আবেদন জানান। অন্যদিকে আসামিপক্ষ নিজেদের নির্দোষ দাবি করে অভিযোগ অস্বীকার করে।
বহুল আলোচিত এ মামলার রায় ঘিরে ভুক্তভোগী পরিবার, সংশ্লিষ্ট আইনজীবী এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি