জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ধান কাটার কথা বলাকে কেন্দ্র করে শ্যামল চন্দ্র মালী (৫০) নামে এক দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত হাসান আলীকে (৩৫) আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন।
শনিবার (৬ জুন) বিকেল চারটার দিকে উপজেলার কাশিড়া গ্রামের সড়কে এ ঘটনা ঘটে।
নিহত শ্যামল চন্দ্র মালী উপজেলার কাশিড়া শীলপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় দিনমজুর ছিলেন। তাঁর পরিবারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। আটক হাসান আলী উপজেলার ঢেকুঞ্চা বাউস্ত গ্রামের বাসিন্দা। স্থানীয়দের ভাষ্য, তিনি ভবঘুরে প্রকৃতির।
পুলিশ ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার বিকেলে শ্যামল চন্দ্র মালী কাশিড়া হাটে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথে কাশিড়া সড়কে হাসান আলীর সঙ্গে তাঁর দেখা হয়। এ সময় গ্রামের একটি জমির ধান কাটার বিষয়ে কথা বলাকে কেন্দ্র করে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে শ্যামল হাটের দিকে রওনা দিলে কিছুক্ষণ পর হাসান একটি গাছের ডাল দিয়ে তাঁর মাথার পেছনে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে লুটিয়ে পড়েন।
স্থানীয় লোকজন ও স্বজনরা তাঁকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নিহতের ভাতিজা সুশান্ত চন্দ্র মালী প্রায় এক কিলোমিটার ধাওয়া করে হাসান আলীকে আটক করেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
হাসপাতালে নিহতের মরদেহের পাশে স্বজনদের আহাজারিতে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। নিহতের স্ত্রী দীপালী মালী বলেন, আমার স্বামীকে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই। আমার ছেলে-মেয়েরা আজ এতিম হয়ে গেল।
নিহতের ছোট ভাই পরিমল চন্দ্র মালী বলেন, বাকবিতণ্ডার পর তাঁর ভাই হাটে যাচ্ছিলেন। এ সময় হাসান পেছন থেকে গাছের ডাল দিয়ে মাথায় আঘাত করেন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাতিজা সুশান্ত চন্দ্র মালী বলেন, কাকার মাথায় আঘাত করে হাসান পালিয়ে যাচ্ছিল। আমি ধাওয়া করে তাকে আটক করি। পরে পুলিশ এসে তাকে নিয়ে যায়।
হাসপাতালে পুলিশের হেফাজতে থাকা হাসান আলী বলেন, আমাকে ধান কাটতে বলেছিল। এ কারণে আমি গাছের ডাল দিয়ে শ্যামলের মাথায় আঘাত করেছি। পরে লোকজন আমাকে ধরে মারধর করেছে।
আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মেহজাবিন বলেন, শ্যামল চন্দ্র মালীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাঁর মাথায় আঘাতের চিহ্ন ছিল এবং নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মস্তিষ্কে গুরুতর আঘাতের কারণেই তাঁর মৃত্যু হয়েছে।
আক্কেলপুর থানার পরিদর্শক (তদন্ত) মোমিনুল ইসলাম বলেন, মাথায় আঘাত করে শ্যামল চন্দ্র মালী নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় অভিযুক্ত হাসান আলীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
রিপোর্টার্স২৪/বাবি