ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়া ও সদর থানার বিভিন্ন এলাকায় পৃথক তিনটি মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ জানায়, রুহিয়া থানার ঢোলারহাট ইউনিয়নের মাধবপুর এলাকার একটি সেতু সংলগ্ন স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. রাকিবুল ইসলাম (১৯) নামে এক যুবককে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে আরও দুজন পালিয়ে যান।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাকিবুল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এদিকে একই থানার আরেকটি অভিযানে মো. হাসান মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার পরিহিত প্যান্টের পকেট থেকে ১১টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ট্যাবলেটগুলোর গায়ে ‘Tapentadol Tablets 100 mg’ লেখা ছিল বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, ঠাকুরগাঁও সদর থানার সালন্দর ইউনিয়নের বরুনাগাঁও এলাকায় পৃথক অভিযানে মো. মামুন (৪১) নামে এক ব্যক্তিকে ইয়াবাসহ আটক করা হয়। পুলিশের দাবি, তিনি মোটরসাইকেলযোগে মাদক পরিবহন করছিলেন। এ সময় তার কাছ থেকে ১৯ পিস ইয়াবা, একটি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশ জানায়, তিনটি ঘটনার পৃথক মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, সীমান্তবর্তী জেলা হওয়ায় ঠাকুরগাঁওয়ে মাদক চোরাচালান ও কারবার নিয়ন্ত্রণে নজরদারি এবং অভিযান আরও জোরদার করা হয়েছে।
রিপোর্টার্স২৪/মিতু