স্টাফ রিপোর্টার: ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক কথিত ‘পুশইন’ প্রচেষ্টা ঠেকাতে দেশের ১১টি সীমান্ত জেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) সদস্যদের মোতায়েন করা হয়েছে।
রোববার (৭ জুন) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান এ তথ্য জানান।
তিনি বলেন, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং অনুপ্রবেশ প্রতিরোধে স্পর্শকাতর সীমান্ত এলাকাগুলোতে অস্থায়ী ভিত্তিতে আনসার-ভিডিপি সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে। স্থানীয় এলাকার ভূগোল ও পরিস্থিতি সম্পর্কে ভালো ধারণা থাকায় তাদের বিজিবির সঙ্গে সরাসরি সীমান্ত চৌকিগুলোতে দায়িত্ব পালন করতে দেওয়া হয়েছে।
মোতায়েনকৃত জেলাগুলো হলো—চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, ঠাকুরগাঁও, দিনাজপুর, সিলেট, জামালপুর ও খাগড়াছড়ি।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মাধ্যমে সীমান্তে মানুষকে জোরপূর্বক বাংলাদেশে পাঠানোর অভিযোগের প্রেক্ষাপটে সীমান্ত এলাকায় নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি