রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ শিশুমৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ দেবে কি না, কত দেবে তা সম্পূর্ণ তাদের নিজস্ব সিদ্ধান্ত বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তবে এ ঘটনায় সরকারের পূর্বের অবস্থানে কোনো পরিবর্তন আসবে না বলেও তিনি স্পষ্ট করেন।
সোমবার (৮ জুন) নিজ মন্ত্রণালয়ে ডেঙ্গু রোগীদের চিকিৎসা সুবিধার্থে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে ১ লাখ ইন্ট্রাভেনাস ফ্লুইড (আইভি স্যালাইন) অনুদান হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “হাসপাতাল কর্তৃপক্ষ তাদের আইনজীবী নিয়োগ করে ক্ষতিগ্রস্ত শিশুদের পরিবারকে ক্ষতিপূরণ দেবে। এ বিষয়ে সরকারের কোনো হস্তক্ষেপ নেই। তবে এর মানে এই নয় যে, তাদের বিরুদ্ধে সরকারের অবস্থান পরিবর্তন হবে।”
তিনি আরও জানান, শিশুমৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে দেওয়া শোকজের জবাব জমা দেওয়ার জন্য আরও দুই দিনের সময় দেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, জনস্বার্থ রক্ষায় সরকার কোনো অবস্থাতেই ছাড় দেবে না এবং এ বিষয়ে কঠোর অবস্থান বজায় রাখা হবে।
এ সময় দেশের ওষুধ শিল্প নিয়ে আশাবাদ ব্যক্ত করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশে উৎপাদিত ওষুধ বিশ্বের ১৪০টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে। ভবিষ্যতে দেশীয় উৎপাদকরা ভ্যাকসিন উৎপাদনে সক্ষম হলে এই রপ্তানি বাজার আরও সম্প্রসারিত হবে।
তিনি আরও জানান, হামের এন্টিবডি প্রস্তুত করতে আগামী ২০ জুন পর্যন্ত সময় লাগবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
রিপোর্টার্স২৪/ঝুম