স্টাফ রিপোর্টার: দেশে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থাকে উৎসাহিত করতে নতুন বৈদ্যুতিক বাস ও ট্রাক আমদানিতে শুল্ক-কর অব্যাহতির সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে ন্যূনতম ১৭ আসনবিশিষ্ট বৈদ্যুতিক বাসের ক্ষেত্রে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) বহাল থাকবে।
গত ৩ মে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশ করে।
মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, শিক্ষার্থী পরিবহনের বাইরে অন্যান্য খাতে ব্যবহারের জন্য আমদানি করা ন্যূনতম ১৭ আসনের সম্পূর্ণ নতুন বৈদ্যুতিক বাসের ওপর ১৫ শতাংশ ভ্যাট বহাল রেখে কাস্টমস ডিউটি (সিডি), রেগুলেটরি ডিউটি (আরডি), সম্পূরক শুল্ক (এসডি), অ্যাডভান্স ট্যাক্স (এটি) এবং অ্যাডভান্স ইনকাম ট্যাক্স (এআইটি) থেকে অব্যাহতি দেওয়া হবে। তবে এ সুবিধা পেতে আমদানিকারকদের নির্ধারিত কিছু শর্ত পূরণ করতে হবে।
মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র জানিয়েছে, এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) শিগগিরই প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারি করবে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের শেষ দিন অর্থাৎ ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত এই বিশেষ সুবিধা কার্যকর থাকবে।
এর আগে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য বৈদ্যুতিক বাস শুল্কমুক্ত আমদানির সুযোগ দেওয়া হয়েছিল। নতুন সিদ্ধান্তকে সেই উদ্যোগের ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে।
একই সঙ্গে পাঁচ টন বা তার বেশি ধারণক্ষমতাসম্পন্ন নতুন বৈদ্যুতিক ট্রাক আমদানির ক্ষেত্রেও একই ধরনের শুল্ক-কর অব্যাহতির সুবিধা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ ক্ষেত্রেও পৃথক প্রজ্ঞাপন জারি করা হবে।
মন্ত্রিপরিষদ বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহার বৃদ্ধি এবং টেকসই পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) এ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করেছিল। মন্ত্রিসভা সেই প্রস্তাব অনুমোদন দিয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি