স্টাফ রিপোর্টার: বিশিষ্ট আইনজীবী আমিনুল গণী টিটোর মৃত্যুতে সোমবার (৮ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর সব কার্যক্রম মুলতবি ঘোষণা করা হয়েছে। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলায় আসামিপক্ষের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছিলেন আমিনুল গণী। দীর্ঘ আইনজীবী জীবনে তিনি বিচারাঙ্গনে একজন অভিজ্ঞ ও পেশাদার আইনজীবী হিসেবে পরিচিত ছিলেন।
আমিনুল গণীর চেম্বারের আইনজীবী শিব্বির আহমেদ একটি বেসরকারি গণমাধ্যমকে জানান, রোববার সকালে তিনি হৃদ্রোগে আক্রান্ত হন। অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ১১টার দিকে তিনি মারা যান।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। এক শোকবার্তায় তিনি বলেন, আমিনুল গণীর প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর কার্যক্রম মুলতবি রাখা হয়েছে।
চিফ প্রসিকিউটর আরও বলেন, আমিনুল গণী একজন অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ আইনজীবী হিসেবে বিচারাঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তার পেশাগত দক্ষতা, সৌজন্যবোধ এবং আইনপেশার প্রতি নিষ্ঠা সহকর্মী, বিচারক ও সংশ্লিষ্ট সবার কাছে স্মরণীয় হয়ে থাকবে।
তার মৃত্যুতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর পক্ষ থেকেও গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি