আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ওপর আকাশপথে গোপন নজরদারি চালানো হচ্ছে কি না এ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ভারতের সংবাদমাধ্যম ‘দ্য প্রিন্ট’-এর এক প্রতিবেদনের বরাতে জানা গেছে, গত ১৬ মাসে পাকিস্তান ছয়টিরও বেশি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ ও মোতায়েন করেছে, যেগুলোর মাধ্যমে ভারতসহ একাধিক অঞ্চলে নজরদারি চালানো হচ্ছে বলে দাবি করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে চলতি বছরের জুন পর্যন্ত পাকিস্তান এসব উপগ্রহ মহাকাশে স্থাপন করে। এগুলো এমন কক্ষপথে রাখা হয়েছে, যাতে ভারতের উত্তরাঞ্চল, বিশেষ করে জম্মু–কাশ্মীরসহ বিস্তীর্ণ এলাকা নিয়মিত নজরদারির আওতায় থাকে।
দাবি করা হয়েছে, অ্যাপোলো ম্যাপিং এবং স্কাইফাইয়ের মতো প্রযুক্তি ব্যবহার করে উপগ্রহগুলোর অবস্থান বিশ্লেষণের মাধ্যমে এ তথ্য পাওয়া গেছে। উপগ্রহগুলো এমনভাবে স্থাপন করা হয়েছে, যাতে নিয়মিতভাবে ভারতীয় ভূখণ্ডের ছবি সংগ্রহ করা সম্ভব হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, শুধু ভারত নয়, আফগানিস্তান, চীন, ইরান এবং ভারত মহাসাগরের উত্তরাঞ্চলও এসব উপগ্রহের নজরদারির আওতায় রয়েছে।
বিশ্লেষকদের ধারণা, পাকিস্তানের মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে চীনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ফলে গত ১৬ মাসে উৎক্ষেপণ করা উপগ্রহগুলোর পেছনে চীনা প্রযুক্তিগত সহায়তা থাকতে পারে বলেও সন্দেহ করা হচ্ছে।
এতে আরও উল্লেখ করা হয়, গত বছরের ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার কয়েক মাস আগেই পাকিস্তান এসব উপগ্রহ মোতায়েন শুরু করে। এরপর ধারাবাহিকভাবে নতুন উপগ্রহ যুক্ত করা হয়।
তবে এ বিষয়ে পাকিস্তান বা চীনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রতিবেদনটির দাবিগুলোর স্বাধীনভাবে যাচাইও সম্ভব হয়নি।সূত্র: আনন্দবাজার
রিপোর্টার্স২৪/এসসি