আশিস গুপ্ত, নয়াদিল্লি: ওমান উপসাগরে একটি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন সামরিক বাহিনীর বিমান হামলায় নিখোঁজ হওয়া তিন ভারতীয় নাবিক মারা গেছেন। বৃহস্পতিবার কেন্দ্রীয় জাহাজ চলাচল মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এই তথ্য নিশ্চিত করেছেন।ওমান উপকূলের কাছে ওই ট্যাঙ্কারটিতে মার্কিন হামলার পর থেকেই এই তিন নাবিক নিখোঁজ ছিলেন।
মার্কিন প্রশাসনের দাবি, তাদের নির্দেশ অমান্য করার কারণে জাহাজটিতে একটি 'নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক' (প্রিসিশন) হামলা চালানো হয়। আমেরিকার পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, ট্যাঙ্কারটি ইরান থেকে তেল পরিবহন করছিল।
এই প্রাণঘাতী হামলার পর নয়াদিল্লিতে নিযুক্ত মার্কিন উপ-দূতাবাস প্রধানকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে ভারত।বিদেশ মন্ত্রকের অতিরিক্ত সচিব (আমেরিকা) নাগরাজ নাইডু, মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স জেসন মিক্সকে তলব করে 'সেত্তেবেলো' নামের ওই ট্যাঙ্কারে হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
ঘটনার পর ভারতের পক্ষ থেকে এই হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং জাহাজে থাকা ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিদেশ মন্ত্রকের এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, "ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজ 'সেত্তেবেলো'-র ওপর আজকের এই হামলার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।"
মন্ত্রক আরও জানিয়েছে যে, হামলার সময় জাহাজটিতে ২৪ জন ভারতীয় ক্রু সদস্য ছিলেন, যাদের মধ্যে ২১ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড পরে নিশ্চিত করেছে যে, ইরানের বিরুদ্ধে চলমান সামুদ্রিক অবরোধের অংশ হিসেবে গত ৯ জুন রাত ১১:১৪ মিনিটে তারা 'সেত্তেবেলো' জাহাজটিকে নিশানা করে।
তাদের বিবৃতিতে বলা হয়েছে, "ওমান উপসাগর অতিক্রম করার সময় মার্কিন সেন্ট্রাল কমান্ড পালাউ-এর পতাকাবাহী এম/টি সেত্তেবেলো জাহাজটিকে অচল করে দেয়।" বিবৃতিতে আরও দাবি করা হয়, মার্কিন বাহিনীর দেওয়া নির্দেশ বারবার অমান্য করার পর একটি মার্কিন যুদ্ধবিমান থেকে জাহাজটির ইঞ্জিন রুমে নিখুঁত নিশানা বজায় রেখে গোলাবারুদ বর্ষণ করা হয়।
রিপোর্টার্স২৪/এসসি