স্টাফ রিপোর্টার: দেশের ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ২০২৬-২৭ অর্থবছরের ব্যয় নির্বাহের জন্য মোট ১২ হাজার ৩০০ কোটি ৪ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ১৭৮তম পূর্ণ কমিশন সভায় এ বাজেট অনুমোদন করা হয়।
অনুমোদিত বাজেটে দেশের ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য ১২ হাজার ১ কোটি ৮২ লাখ টাকা এবং ইউজিসির জন্য ২৯৮ কোটি ৫৮ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মোট বরাদ্দের মধ্যে ৭ হাজার ৪২৮ কোটি ৪৩ লাখ টাকা পরিচালন ব্যয় এবং ৪৩টি উন্নয়ন প্রকল্পে ৪ হাজার ৫৭৩ কোটি ৩৯ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে ৫৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ ছিল ১০ হাজার ৮০২ কোটি ২১ লাখ টাকা। সে হিসাবে আগামী অর্থবছরে বরাদ্দ বেড়েছে ১ হাজার ৪৯৭ কোটি ৮৩ লাখ টাকা।
উচ্চশিক্ষা খাতে গবেষণা ও বৈদেশিক স্কলারশিপের জন্য ২০২৬-২৭ অর্থবছরে ২৩৮ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে গবেষণা খাতে বিশ্ববিদ্যালয় ও ইউজিসির একীভূত বরাদ্দ এবং বৈদেশিক স্কলারশিপ অন্তর্ভুক্ত রয়েছে।
এর আগে গবেষণা খাতে দ্বৈততা এড়াতে বিশ্ববিদ্যালয় ও ইউজিসির গবেষণা বরাদ্দ একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলোর ২০০ কোটি টাকার গবেষণা বরাদ্দ ইউজিসির বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, গবেষণার অর্থ কেন্দ্রীয়ভাবে বরাদ্দ করা হলেও বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হবে না। বরং গুণগত মান ও প্রয়োজন অনুযায়ী অর্থ আরও কার্যকরভাবে ব্যবহারের সুযোগ তৈরি হবে।
তিনি আরও বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর চাহিদার তুলনায় এ বরাদ্দ এখনো অপ্রতুল। তবে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে ব্যয় করা গেলে উচ্চশিক্ষা খাতে ইতিবাচক পরিবর্তন আসবে।
সভায় ইউজিসি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, পরিকল্পনা কমিশনের প্রতিনিধি এবং শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/এসসি