প্রিন্ট এর তারিখঃ | বঙ্গাব্দ || প্রকাশের তারিখঃ 11-06-2026 ইং
সংবাদ শিরোনামঃ বান্ধবী নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করায় এনসিপি নেতার ওপর হামলা
ভাঙ্গা প্রতিনিধি: ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার পৌর এলাকার কাজী শামসুন্নেছা উচ্চ বালিকা বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) নেতা তার বান্ধবী নিয়ে প্রবেশের ঘটনায় তুলকালাম সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিক্ষোভকারী শিক্ষার্থীদের তোপের মুখে এসএসসি ব্যবহারিক পরীক্ষা সকাল ১০টার পরিবর্তে বেলা সাড়ে ১১টায় শুরু করেন সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে এনসিপির নেতা তার বান্ধবী জনৈকা পরীক্ষার্থীকে নিয়ে কাজী শামসুন্নেছা উচ্চ বালিকা বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন। এ সময় কিছু শিক্ষার্থী তাকে দেখে ‘ভুয়া ভুয়া’ বলে চিৎকার করে। প্রত্যুত্তরে ওই নেতা রাগে জোর গলায় চিৎকার করতে থাকেন।
এ ঘটনার তাৎক্ষণিক প্রতিবাদ করতে গেলে সাজিদ, ইয়াসিন মোল্লা ও জিহাদের সঙ্গে এনসিপি নেতার বাগবিতণ্ডার একপর্যায়ে উপস্থিত অন্যান্য পরীক্ষার্থীরাও তার সঙ্গে জড়িয়ে পড়েন।
এ সময় শিক্ষার্থীরা এনসিপি নেতাকে তার বান্ধবীসহ বিদ্যালয়ে অবরুদ্ধ করে রাখে। তারা দাবি তোলে, অতি দ্রুত এনসিপি নেতাকে বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র থেকে বের করে দিতে হবে।
উত্তেজনা আরও বাড়লে তারা আশরাফের ওপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ কুমার দত্ত এগিয়ে গেলে তাকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গুরুতর আহত হন।
এ সময় পরীক্ষা কেন্দ্র এলাকায় অস্থিরতা সৃষ্টি হলে ছাত্রীদের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অবরুদ্ধ এনসিপি নেতাকে পুলিশ হেফাজতে নিয়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং ব্যবহারিক পরীক্ষা শুরু করা হয়।
প্রধান শিক্ষক অরুণ কুমার দত্ত জানিয়েছেন, এনসিপি নেতা আশরাফ হোসেন তার একজন পরীক্ষার্থী নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার পর কিছু পরীক্ষার্থী তাকে দেখে উত্তেজিত হয়ে অসামাজিক স্লোগান দিতে থাকে। এ ঘটনায় তিনি উত্তেজিত পরীক্ষার্থীদের বাধা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে তাকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে তিনি আহত হয়েছেন। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরুদ্ধ এনসিপি নেতা আশরাফ হোসেনকে নিরাপদে সরিয়ে নেয়।
এনসিপির সমন্বয়ক আশরাফ হোসেন বলেন, তার ওপর আওয়ামী ফ্যাসিবাদী বহিরাগতদের নেতৃত্বে পরীক্ষার্থীরা হামলা চালিয়েছে। তিনি বিচার দাবি করেন।
ভাঙ্গা থানার এসআই মামুন জানিয়েছেন, পরীক্ষা কেন্দ্রে এনসিপি নেতাকে অবরুদ্ধ করে বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা পরীক্ষা বন্ধ রেখেছিল। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।