স্টাফ রিপোর্টার: ৬৫ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের জন্য ট্রেনে সম্পূর্ণ বিনা মূল্যে ভ্রমণ এবং মেট্রোরেলে ২৫ শতাংশ ভাড়া ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। একই সঙ্গে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বাড়িয়ে বৈষম্য কমানো এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করার পরিকল্পনার কথাও জানিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে এসব ঘোষণা দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
অর্থমন্ত্রী বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির মূল লক্ষ্য হলো জীবনচক্রভিত্তিক পদ্ধতিতে সব নাগরিককে সুরক্ষার আওতায় আনা, যাতে দারিদ্র্য হ্রাস, বৈষম্য কমানো এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করা যায়। এর মূল দর্শন হচ্ছে অর্থনৈতিক ক্ষমতায়ন ও স্বনির্ভরতা অর্জন।
তিনি বলেন, একটি বৈষম্যহীন, মানবিক ও কল্যাণভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যেই সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। এ লক্ষ্যে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করা হয়েছে, যা সরকার গঠনের এক মাসেরও কম সময়ের মধ্যে উদ্বোধন করা হয়।
অর্থমন্ত্রী জানান, এ কর্মসূচির আওতায় পরিবারের প্রধান নারী সদস্যকে মাসে ২ হাজার ৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে। ২০৩০ সালের মধ্যে পর্যায়ক্রমে সারা দেশে এই কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। আগামী অর্থবছরে ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য ১৪ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
তিনি আরও জানান, বয়স্ক ভাতা এবং বিধবা ও স্বামী-নিগৃহীতা নারীদের জন্য ভাতা কর্মসূচি অব্যাহত থাকবে। পাশাপাশি প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা বাড়িয়ে ৩৮ লাখে উন্নীত করা হবে এবং মাসিক ভাতার পরিমাণ এক হাজার টাকা নির্ধারণ করা হবে।
এ ছাড়া প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভাতাভোগীর সংখ্যা এক লাখে উন্নীত করা হবে। শিক্ষার স্তরভেদে তাদের মাসিক ভাতা এক হাজার থেকে এক হাজার ৪০০ টাকা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি