স্টাফ রিপোর্টার: দেশের পাঁচ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগসহ পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। বৃহস্পতিবার (১১ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
নতুন করে পঞ্চগড়, মৌলভীবাজার, নোয়াখালী, ঝিনাইদহ ও ফেনী জেলায় পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে পুলিশের বিভিন্ন ইউনিট ও দপ্তরের আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আবু সাইমকে পঞ্চগড় জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে দায়িত্বে থাকা পঞ্চগড়ের এসপি মো. মিজানুর রহমানকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
মৌলভীবাজার জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. মনিরুল ইসলাম। এ জেলার বর্তমান এসপি মো. রিয়াজুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
নোয়াখালী জেলার পুলিশ সুপার পদে নিয়োগ দেওয়া হয়েছে ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার এন. এম. নাসিরুদ্দিনকে। এ জেলার বর্তমান এসপি টি এম মোশাররফ হোসেনকে বদলি করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে।
ঝিনাইদহ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছানকে। বর্তমান এসপি মো. মাহফুজ আফজালকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) পদায়ন করা হয়েছে।
এদিকে, সিআইডির বিশেষ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে তিনি ঝালকাঠির পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ পেয়েছিলেন। তবে নতুন প্রজ্ঞাপনে তাকে ফেনীতে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া এর আগে ফেনীর পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ পাওয়া এবং ইতোমধ্যে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব আলম খানকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি