প্রিন্ট এর তারিখঃ | বঙ্গাব্দ || প্রকাশের তারিখঃ 12-06-2026 ইং
সংবাদ শিরোনামঃ নারীরা স্নাতক পর্যন্ত বিনা খরচে পড়ার সুযোগ পাবে’: মন্ত্রী আফরোজা খানম
মানিকগঞ্জ প্রতিনিধি: নারীদের স্নাতক পর্যন্ত বিনা খরচে পড়াশোনার সুযোগ নিশ্চিত করতে নতুন বাজেটে প্রস্তাব রাখা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।
শুক্রবার (১২ জুন) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষা ক্ষেত্রে উৎকর্ষতা সহায়তা কর্মসূচির আওতায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, “নারীদের স্নাতক পর্যন্ত বিনা খরচে পড়াশোনার সুযোগ দেওয়ার প্রস্তাব এবারের বাজেটে রাখা হয়েছে। দেশের উন্নয়নে নারী শিক্ষার বিকল্প নেই। শিক্ষিত নারীই একটি শিক্ষিত ও সমৃদ্ধ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
তিনি বলেন, শিক্ষা খাতকে আরও শক্তিশালী করতে এবারের বাজেটে ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “তোমরা যে বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও উদ্ভাবনী ধারণা উপস্থাপন করেছ, সেগুলো বাস্তবে রূপ দিতে হবে। নতুন চিন্তা ও উদ্ভাবনের মাধ্যমেই দেশ এগিয়ে যাবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজ্ঞান, প্রযুক্তি, কৃষি ও পরিবেশবিষয়ক নানা প্রকল্প উপস্থাপন করেন। অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করে শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রচেষ্টার প্রশংসা করেন।
অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ বিদ্যালয়, শ্রেষ্ঠ শিক্ষক এবং বিভিন্ন বিভাগে বিজয়ী শিক্ষার্থী ও দলের সদস্যদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ এবং গবেষণামুখী শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।