স্টাফ রিপোর্টার: সরকারি কর্মচারীদের বেতন বাড়লে দুর্নীতি কমার কথা বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, সরকারি চাকুরিজীবীদের ১১ বছর ধরে পে-স্কেল হয় না।
শুক্রবার (১২ জুন) বিকেলে ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট প্রস্তাবনার সার্বিক দিক তুলে ধরার সময় তিনি এমন কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বৈশ্বিক সংকটে স্পট মার্কেট থেকে বেশি দামে জ্বালানি তেল কিনতে হয়, সেই সংকট কাটাতে তেল, গ্যাস ও সারের মজুত বৃদ্ধিতে নজর দেবে সরকার।
তিনি আরও বলেন, দেড় দশক ধরে দেওয়া বাজেটে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি। মূলত দেড়-দুই মাসে বাজেট তৈরি করা যথেষ্ট নয়। তবে সব শ্রেণির মানুষের জন্য এবারের এই বাজেট।
অর্থমন্ত্রী বলেন, মূল্যস্ফীতি বেড়ে গেছে অনেক। পুলিশ দিয়ে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয়। নীতি ও ব্যবস্থাপনার উন্নতি করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব।
তিনি আরও বলেন, নৈতিক ভিত্তির ওপর দাঁড়িয়ে দেশ পরিচালনার চেষ্টা চলছে, যেন কোনো অপচয় না হয়; সেসব ভেবেই প্রকল্প নেওয়া হচ্ছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব