বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে ট্রাক ও পিকআপ নিয়ে ব্রাজিল সমর্থকদের এক বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকেলে বাগেরহাট পৌরসভার নাগেরবাজার এলাকা থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ব্রাজিল সমর্থকদের ঢাক-ঢোল, স্লোগান, বাঁশির শব্দ ও করতালিতে পুরো শহর উৎসবমুখর হয়ে ওঠে।
বাগেরহাট ব্রাজিল সমর্থক গোষ্ঠীর উদ্যোগে আয়োজিত এ র্যালিতে অংশগ্রহণকারীরা ব্রাজিলের জার্সি পরে, হাতে জাতীয় পতাকা ও ব্যানার নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। কয়েকশ ফুটবলপ্রেমী এ আনন্দ র্যালিতে অংশ নেন।
বাগেরহাট পিসি কলেজের শিক্ষার্থী মাহবুব হাসান বলেন, “ব্রাজিল বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবল দল। ছোটবেলা থেকেই ব্রাজিলের খেলা দেখে বড় হয়েছি। তাদের আক্রমণাত্মক ও নান্দনিক ফুটবল সবসময় আমাদের মুগ্ধ করে। আশা করছি, আগামী দিনগুলোতেও ব্রাজিল সমর্থকদের প্রত্যাশা পূরণ করবে।”
ব্রাজিল সমর্থক নয়ন শেখ বলেন, “ব্রাজিল শুধু একটি ফুটবল দল নয়, এটি আমাদের আবেগের নাম। দলের প্রতি ভালোবাসা থেকেই আমরা এই আনন্দ র্যালিতে অংশ নিয়েছি। ব্রাজিলের প্রতিটি ম্যাচ আমাদের জন্য উৎসবের মতো।”
র্যালিতে অংশ নেওয়া শিক্ষার্থী সাগর বিশ্বাস বলেন, “ফুটবল মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি সৃষ্টি করে। ব্রাজিলের খেলা দেখার আনন্দই আলাদা। তাই প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে আমরা সবাই একত্রিত হয়েছি। ব্রাজিলের পাঁচবারের বিশ্বকাপ জয়ের ইতিহাস আমাদের অনুপ্রাণিত করে। দলের প্রতি ভালোবাসা থেকেই আমরা পতাকা উড়িয়ে ও র্যালি করে সমর্থন জানাচ্ছি।”
নারী সমর্থক সোহানা রুপা বলেন, “অনেকেই মনে করেন ফুটবল শুধু ছেলেদের খেলা, কিন্তু এখন মেয়েরাও সমানভাবে ফুটবল ভালোবাসে। ব্রাজিলের খেলা দেখার জন্য আমরা পরিবার নিয়ে টিভির সামনে বসি। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতেই আজকের র্যালিতে এসেছি।”
কলেজছাত্রী নুসরাত জাহান বলেন, “ব্রাজিলের ফুটবলে যে সৌন্দর্য ও সৃজনশীলতা রয়েছে, সেটিই আমাদের সবচেয়ে বেশি আকর্ষণ করে। খেলাধুলা তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করে, তাই এমন আয়োজন আরও বেশি হওয়া উচিত।”
র্যালিতে অংশ নেওয়া একাধিক সমর্থক জানান, ফুটবল বিশ্বজুড়ে কোটি মানুষের আবেগের খেলা। খেলাধুলা মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বৃদ্ধি করে। দল-মতের ঊর্ধ্বে উঠে সবাইকে খেলাধুলার ইতিবাচক চর্চায় অংশ নেওয়ার আহ্বান জানান তারা।
রিপোর্টার্স২৪/এসএন