বাগেরহাটে প্রতিনিধি: জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নীতি-নির্ধারণ পরিষদের সদস্য সচিব মুহাম্মদ মনজুর হোসেনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বাগেরহাট প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সাংবাদিক মিলনমেলায় এ সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি আবু সাঈদ শুনু অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় তিনি সাংবাদিকতার মানোন্নয়ন, গণমাধ্যমের স্বাধীনতা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধিতে জাতীয় সাংবাদিক সংস্থার অবদানের প্রশংসা করেন।
অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব লায়ন সিকদার মোহাম্মদ আরিফুল আলম টিটো, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. নুরনবী সোহেল, বাগেরহাট জেলা শাখার সভাপতি এম. হেদায়েত হোসাইন লিটন, সাধারণ সম্পাদক সৈয়দ শওকত হোসেন, সহসভাপতি এস এম রাজ, সাংগঠনিক সম্পাদক সোহাগ হাওলাদার, পিরোজপুর জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য হাসান মামুনসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এর আগে কেন্দ্রীয় নেতারা বাগেরহাটে পৌঁছালে জেলা শাখার উদ্যোগে তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের ঐক্য, পেশাগত মর্যাদা রক্ষা এবং দেশ ও জনগণের কল্যাণে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে স্থানীয় ও জাতীয় পর্যায়ের সাংবাদিকদের মধ্যে সুসম্পর্ক, সহযোগিতা ও পারস্পরিক সম্প্রীতি আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তারা বলেন, ৪৫ বছরের ঐতিহ্য ধারণ করে জাতীয় সাংবাদিক সংস্থা আজ একটি মর্যাদাপূর্ণ অবস্থানে পৌঁছেছে। এ পথচলার পেছনে প্রতিষ্ঠাতা মরহুম আলতাফ হোসেনের দূরদর্শী নেতৃত্ব, ত্যাগ ও অবদান রয়েছে। তাঁর আদর্শ ও কর্মপ্রেরণা আগামী দিনেও সংগঠনের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
তারা আরও বলেন, মফস্বল সাংবাদিকরাই দেশের তৃণমূল মানুষের জীবন, সংগ্রাম ও সম্ভাবনার গল্প তুলে ধরেন। সংগঠনের আর্থিক স্বনির্ভরতা নিশ্চিত করতে সংবাদ প্রকাশের পাশাপাশি বিজ্ঞাপন আহরণ, সাংবাদিক প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন কর্মশালা এবং প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার প্রসারে কার্যকর উদ্যোগ গ্রহণ প্রয়োজন।
বক্তারা সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, ঐক্য ও পেশাগত ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করে বলেন, সব ধরনের বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে জাতীয় সাংবাদিক সংস্থা আরও শক্তিশালী, মর্যাদাবান ও কার্যকর সংগঠনে পরিণত হবে।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং সাংবাদিক সমাজের কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
রিপোর্টার্স২৪/বাবি