ঝিনাইদহ প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে ঝিনাইদহেও বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। জেলা পরিষদের উদ্যোগে আগামী ৫ বছরে ঝিনাইদহ জেলার বিভিন্ন এলাকায় প্রায় ২৫ হাজার বৃক্ষরোপণ করা হবে।
শনিবার (১৩ জুন) দুপুরে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন ও জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ।
এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, জেলা পরিষদ চত্বর ও জেলা কসাইখানা চত্বরে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়।
এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন উপস্থিত ছিলেন।
এ ছাড়া বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে জেলা প্রশাসন, জেলা পরিষদ ও ঝিনাইদহ পৌরসভার বিভিন্ন পর্যাযের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এ সময় জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এমএ মজিদ বলেন, পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় গাছ-গাছালির বিকল্প নেই। তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার আগামী ৫ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ করবে। তারই অংশ হিসেবে আগামী ৫ বছরে জেলা পরিষদের উদ্যোগে জেলা জুড়ে ২৫ হাজার বৃক্ষরোপণ করা হবে।
রিপোর্টার্স২৪/ মিতু