বিনোদন ডেস্ক: বাংলাদেশের ঐতিহ্যবাহী যাত্রাশিল্পকে কেন্দ্র করে নির্মিত নতুন চলচ্চিত্র ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’-এর ট্রেলার প্রকাশের পর নতুন করে আলোচনায় এসেছে ছবিটি। নির্মাতা আসিফ ইসলাম পরিচালিত এই সিনেমায় ‘প্রিন্সেস রোজী’ চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।
চরিত্রটি নিয়ে নিজের অভিজ্ঞতা ও মানসিক প্রস্তুতির কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন এই অভিনেত্রী। সেখানে তিনি চরিত্রটির সঙ্গে নিজের ভেতরের লড়াই, দ্বিধা এবং শিল্পীসত্তার টানাপোড়েন তুলে ধরেন।
ভাবনা লিখেছেন, লুক টেস্ট থেকে শুরু করে ফাইনাল লুক পর্যন্ত প্রতিটি ধাপে ‘প্রিন্সেস রোজী’ হয়ে ওঠা ছিল তার জন্য নতুন এক অভিজ্ঞতা। তিনি জানান, শাস্ত্রীয় নৃত্যের পটভূমি থেকে আসায় এই চরিত্রের নাচ ও অঙ্গভঙ্গি আয়ত্ত করা তার জন্য ছিল বড় চ্যালেঞ্জ।
পোস্টে তিনি লেখেন, ছোটবেলা থেকে গড়ে ওঠা নৃত্যভঙ্গির কারণে এমন ভিন্নধর্মী পারফরম্যান্স গ্রহণ করা সহজ ছিল না। পাশাপাশি সামাজিক দৃষ্টিভঙ্গি ও দর্শকের প্রতিক্রিয়ার বিষয়টিও তাকে ভাবিয়েছে বলে উল্লেখ করেন তিনি।
ভাবনা আরও বলেন, চরিত্রটি গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়ার পর তিনি ও নির্মাতা আসিফ ইসলাম দীর্ঘ সময় ধরে চরিত্রটি নিয়ে আলোচনা ও প্রস্তুতি নেন। গল্প ও চরিত্রের গভীরতা বুঝতে তাদের দিন পার হয়েছে নিরব কাজ ও পরিকল্পনায়।
তিনি লেখেন, মস্কোয় বড় পর্দায় নিজেকে দেখে নিজের মধ্যেই অচেনা অনুভূতি তৈরি হয়েছিল, এমনকি কিছু মুহূর্তে লজ্জায় মাথা নিচু হয়ে গিয়েছিল বলেও জানান তিনি।
পোস্টের শেষাংশে নিজের অভিনয়জীবন নিয়ে গভীর প্রত্যয় প্রকাশ করে ভাবনা লেখেন, তিনি একজন অভিনেতা হিসেবেই জীবন কাটাতে চান। তার ভাষায়, “জানি এ জীবন কঠিন, তবুও কঠিনকে গ্রহণ করেছি। আমি কোনো দৌড়ে থাকতে চাই না; আমি আরও একা হতে চাই, যাতে আমার সঙ্গে শুধু আমার চরিত্রগুলোই থাকে।”
উল্লেখ্য, যাত্রাপালার আবহে নির্মিত এই চলচ্চিত্রটি ইতোমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় এসেছে। ‘আর্টকোর’ বিভাগে নির্বাচিত হয়ে ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেয় ছবিটি, যা দেশের সিনেমার জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
রিপোর্টার্স২৪/ঝুম