রিপোর্টার্স২৪ ডেস্ক: প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে ভারতের দিল্লিতে প্রবেশে ইমিগ্রেশন কর্তৃপক্ষের বাধা দেওয়ার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি জানিয়েছেন, এ বিষয়ে সরকার যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে।
সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং দুঃখজনক। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে। দিনের শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
জানা গেছে, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (IORA) জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের বৈঠকে অংশ নিতে রোববার সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান উপদেষ্টা জাহেদ উর রহমান। ওই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তার।
তবে বিমানবন্দরে পৌঁছানোর পর ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে প্রাথমিকভাবে প্রবেশে বাধা দেয়। পরে উচ্চপর্যায়ের নির্দেশে অনুমতি দেওয়া হলেও তিনি শেষ পর্যন্ত দিল্লিতে না গিয়ে সফর বাতিল করেন।
পরে তিনি কলম্বো হয়ে দেশে ফেরার সিদ্ধান্ত নেন এবং সোমবার দুপুরে ঢাকায় ফিরে আসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন পূর্বেই গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে উপদেষ্টার অংশগ্রহণ সম্পর্কে অবহিত করেছিল।
ঘটনার পর কূটনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে এবং দুই দেশের মধ্যে যোগাযোগের মাধ্যমে বিষয়টি ব্যাখ্যা ও সমাধানের চেষ্টা চলছে বলে জানা গেছে।
রিপোর্টার্স২৪/ঝুম