প্রিন্ট এর তারিখঃ | বঙ্গাব্দ || প্রকাশের তারিখঃ 15-06-2026 ইং
সংবাদ শিরোনামঃ ভাঙ্গায় কাভার্ড ভ্যানের চাপায় দিনমজুর নিহত
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা-মাওয়া মহাসড়কের বগাইল টোল প্লাজা এলাকায় দ্রুতগামী একটি কাভার্ড ভ্যানের চাপায় তুরাপ মোল্লা নামে এক দিনমজুর নিহত হয়েছেন। সোমবার (১৫ জুন) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা কাভার্ড ভ্যানসহ কয়েকটি যানবাহনে হামলা চালিয়ে ভাঙচুর করে। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের মরদেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ড থেকে ভ্যানগাড়িযোগে কাজের উদ্দেশ্যে যাওয়ার সময় বগাইল টোল প্লাজার লিংক সড়কে একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান তাদের ভ্যানগাড়িকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তুরাপ মোল্লার মৃত্যু হয়।
এ দুর্ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহেল মাহমুদ জানান, দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।