কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: সাপ্তাহিক শীর্ষ কাগজ-এ প্রকাশিত একটি সংবাদের প্রতিবাদে জয়পুরহাটের কালাইয়ে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে উপজেলা ছাত্রদল।
সোমবার (১৫ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল কাফীর নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলা ছাত্রদলের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান রনি, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশরাফ হোসেন, পৌর ছাত্রদলের সদস্যসচিব মো. মুক্তাদল সরকার, সদস্য আয়নাল হকসহ উপজেলা ও পৌর ছাত্রদলের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, সাপ্তাহিক শীর্ষ কাগজ-এর ৮ জুন প্রকাশিত ২৭তম সংখ্যায় ‘খাদ্যের মডার্ন ফুড স্টোরেজ প্রকল্পে ৩ হাজার কোটি টাকা লুটপাট কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ছেন বর্তমান প্রতিমন্ত্রী-সচিবও’ শিরোনামে প্রকাশিত সংবাদটি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তারা এ ধরনের সংবাদ প্রকাশের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বক্তারা আরও বলেন, খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী এবং জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আব্দুল বারীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে তারা মনে করেন।
এদিকে, সংশ্লিষ্ট সংবাদের বিষয়ে গত ১৪ জুন খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলামের স্বাক্ষরিত একটি প্রতিবাদলিপি গণমাধ্যমে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
রিপোর্টার্স২৪/ মিতু