রিপোর্টার্স২৪ ডেস্ক: সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে আইনি প্রক্রিয়া আরও এগিয়ে নিতে প্রয়োজনীয় নথিপত্র আজ মঙ্গলবার (১৬ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুবাইয়ে তার গ্রেপ্তারের তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
দুদক সূত্রে জানা গেছে, বেনজীর আহমেদের বিরুদ্ধে দায়ের করা একাধিক মামলার মধ্যে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে একটি মামলায় আদালত ইতোমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। সেই পরোয়ানার ভিত্তিতেই তার বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়।
দুদকের তদন্ত কর্মকর্তা মো. হাফিজুল ইসলাম ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি আদালতে আবেদন করেন, যাতে উল্লেখ করা হয় বেনজীর আহমেদ বিদেশে অবস্থান করছেন এবং বিচারিক কার্যক্রম এগিয়ে নিতে তাকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার করা প্রয়োজন। পরবর্তীতে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
এরপর ১২ ফেব্রুয়ারি তদন্ত কর্মকর্তা পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) কাছে আবেদন করেন। আবেদনে গ্রেপ্তারি পরোয়ানা, মামলার বিবরণ, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টসহ প্রয়োজনীয় তথ্য সংযুক্ত করে ইন্টারপোলের রেড নোটিশ জারির অনুরোধ জানানো হয়।
পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) বিষয়টি ইন্টারপোলে পাঠায়। যাচাই-বাছাই শেষে ২০২৫ সালের ১৬ এপ্রিল ইন্টারপোল বেনজীর আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করে। এর ফলে তার তথ্য আন্তর্জাতিক আইনশৃঙ্খলা বাহিনীর ডাটাবেজে অন্তর্ভুক্ত হয় এবং পরবর্তীতে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষের নজরে তিনি আসেন বলে জানা যায়।
দুদক জানিয়েছে, দুবাইয়ে গ্রেফতারের মাধ্যমে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হয়েছে। এখন তাকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন পাঠানোর প্রস্তুতি চলছে।
সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী, গ্রেফতারের পর ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট দেশকে প্রয়োজনীয় নথিপত্রসহ প্রত্যর্পণ আবেদন দাখিল করতে হয়। এ কারণে দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ সদর দপ্তর সমন্বিতভাবে কাজ করছে।
এর অংশ হিসেবে আজই বেনজীর আহমেদের মামলাসংক্রান্ত সব প্রয়োজনীয় নথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
রিপোর্টার্স২৪/ঝুম