রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের শিক্ষা ব্যবস্থার কারিকুলাম, শিক্ষক, অবকাঠামোসহ চারটি মূল স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, শিক্ষা ব্যবস্থাকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও কর্মমুখী করে গড়ে তুলতে সরকার একটি দীর্ঘমেয়াদি রূপরেখা নিয়ে এগোচ্ছে।
মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর র্যাডিসন ব্লু হোটেলে কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশন আয়োজিত ‘Cambridge Press and Assessment Bangladesh Limited, Launch Event 2026’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, শিক্ষা ব্যবস্থার টেকসই উন্নয়নের জন্য চারটি মূল স্তম্ভ—কারিকুলাম আধুনিকায়ন, শিক্ষকদের মানোন্নয়ন, জলবায়ু সহনশীল অবকাঠামো এবং বিভিন্ন শিক্ষাধারার সমন্বয় (এলাইমেন্ট) এর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রযুক্তির সংযোজন, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ভবিষ্যৎ কর্মসংস্থান উপযোগী দক্ষতা উন্নয়নের বিষয়টিও অগ্রাধিকার পাচ্ছে।
তিনি বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার মাত্র চার মাসের মধ্যেই শিক্ষা খাতে একটি সুস্পষ্ট ও দীর্ঘমেয়াদি ভিশন নির্ধারণ করেছে। এর লক্ষ্য বিশ্বমানের নাগরিক তৈরি এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলা।
দেশে বর্তমানে ২৭টিরও বেশি শিক্ষা ধারা বিদ্যমান উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এসব ধারার মধ্যে একটি ন্যূনতম অভিন্ন মানদণ্ড নিশ্চিত করা জরুরি। এতে করে মাদ্রাসা, বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা মৌলিক জ্ঞান ও দক্ষতায় সমান সুযোগ পাবে।
তার মতে, শিক্ষার মানে সমতা না থাকলে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সম্ভব নয়। শিক্ষা ব্যবস্থায় শিক্ষকদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে ববি হাজ্জাজ বলেন, “চাকা ছাড়া যেমন গাড়ি চলে না, তেমনি শিক্ষক ছাড়া শিক্ষা ব্যবস্থা চলতে পারে না।”
তিনি জানান, দেশের শিক্ষকদের জন্য আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নিশ্চিত করতে কেমব্রিজসহ বিভিন্ন আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতার বিষয়টি আলোচনা পর্যায়ে রয়েছে।
অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, ব্রিটিশ হাইকমিশন এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শিক্ষা খাতে বৈশ্বিক অংশীদারিত্ব ও মানোন্নয়নের বিষয়ে তারা মতবিনিময় করেন বলে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, সরকারের ঘোষিত এই সংস্কার পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের কাঠামোগত পরিবর্তন আসতে পারে।
রিপোর্টার্স২৪/ঝুম