ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের কানাইপুর স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটক সংলগ্ন একটি ময়লার স্তূপ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নবজাতকটির গর্ভকালীন বয়স আনুমানিক ৫ থেকে ৬ মাস বলে পুলিশ সূত্রে জানা গেছে।
সোমবার (১৫ জুন) বিকেলে কানাইপুর এলাকায় ময়লার স্তূপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে কানাইপুর স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকের পাশের একটি ময়লার স্তূপে একদল কুকুরকে রক্তমাখা একটি বস্তু নিয়ে টানাটানি করতে দেখেন স্থানীয়রা। কাছে গিয়ে তারা দেখতে পান, কুকুরগুলো একটি নবজাতকের মরদেহ কামড়ে খাওয়ার চেষ্টা করছে।
এ দৃশ্য দেখে স্থানীয় কয়েকজন বাসিন্দা তাৎক্ষণিকভাবে এগিয়ে গিয়ে কুকুরগুলোকে তাড়িয়ে দেন। পরে তারা বিষয়টি নিশ্চিত হয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নবজাতকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশের প্রাথমিক ধারণা, লোকচক্ষুর আড়ালে অবৈধভাবে গর্ভপাত ঘটিয়ে কেউ রাতের আঁধারে নবজাতকটির মরদেহ ময়লার স্তূপে ফেলে রেখে গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) খাইরুল বাশার বলেন, “স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা নবজাতকের মরদেহ উদ্ধার করি। ধারণা করা হচ্ছে, কেউ গর্ভপাত করিয়ে রাতের আঁধারে মরদেহটি এখানে ফেলে রেখে গেছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে মরদেহটির দাফনের প্রক্রিয়া চলমান রয়েছে।”
রিপোর্টার্স২৪/এসএন