রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানী ঢাকাসহ দেশের ১৬ জেলার জন্য ঝড়ো আবহাওয়ার সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, দিনের মধ্যে এসব অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বা ঝড়ো বাতাস বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
শুক্রবার (১৯ জুন) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৈরী আবহাওয়ার সম্ভাবনার কারণে উল্লিখিত এলাকার সকল নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে নৌযান চালকদের সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, মৌসুমি বায়ুর সক্রিয় প্রভাব এবং বায়ুমণ্ডলে জলীয়বাষ্পের আধিক্যের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে হঠাৎ ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেয়েছে। তাই খোলা স্থানে অবস্থান, নদীপথে চলাচল এবং বজ্রপাতের সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম