পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাত লাখ ২৮ হাজার ৫০০ টাকার জালনোটসহ প্রতারক চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে এক লাখ ২৮ হাজার ৫০০ টাকার আসল নোটও জব্দ করা হয়।
আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৮ জুন) আটোয়ারীর ফকিরগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে চঞ্চল মিয়া (৩২) নামে একজনকে জালনোটসহ আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও জেলা শহরের প্রাইম হোটেল এবং নিউ হোটেল সালাম এন্টারপ্রাইজে অভিযান চালানো হয়। সেখানে অভিযান চালিয়ে চক্রটির আরও ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।
পৃথক স্থান থেকে জব্দ করা হয় সাত লাখ ২৮ হাজার ৫০০ টাকার জালনোট এবং এক লাখ ২৮ হাজার ৫০০ টাকার আসল টাকা। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আটোয়ারী থানায় মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন— কিশোরগঞ্জ জেলার বাকপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে চঞ্চল মিয়া (৩২), বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুদাল এলাকার আউয়াল হোসেনের ছেলে আরিফ হোসেন (৪০), মাদারীপুরের শিবচর উপজেলার মাদবরচর এলাকার এমরান শেখ (৪৮), বাগেরহাটের রামপাল উপজেলার কাশিপুর এলাকার মাহামুদুল হকের ছেলে শেখ নাছিম (২৮), ফরিদপুরের ভাঙ্গা উপজেলার শিংগাদাগ এলাকার নুরুল আমিন খানের ছেলে সোহেল খান (২৮), ঢাকার কেরানীগঞ্জের পূর্ব মুগারচর এলাকার রুহুল আমিন (৫২) এবং কুমিল্লার দেবিদ্বার উপজেলার মারিচা এলাকার মৃত জয়নাল আবেদিনের ছেলে ইসমাইল হোসেন (৩২)।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জালনোট চক্রের সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়ে তদন্ত চলছে।