নরসিংদী প্রতিনিধি: নরসিংদী সদর উপজেলায় অবৈধ ও নিষিদ্ধ কসমেটিকস পণ্য বিক্রির দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
রোববার (২১ জুন) দুপুরে র্যাব-১১ ও বিএসটিআই নরসিংদী আঞ্চলিক অফিসের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে এ জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, নরসিংদী শহরের বড় বাজার এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ও নিষিদ্ধ কসমেটিকস পণ্য বিক্রির প্রমাণ পাওয়ায় মেসার্স জগন্নাথ স্টোরকে ৫০ হাজার টাকা, মেসার্স ফাহিম স্টোরকে ৪৫ হাজার টাকা এবং মেসার্স আরিশফা কসমেটিকসকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় এসব জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন র্যাব ফোর্সেস সদর দপ্তর, কুর্মিটোলা, ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান। এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই নরসিংদী আঞ্চলিক অফিসের ফিল্ড অফিসার (সিএম) মো. পারভেজ মিয়া এবং পরিদর্শক (মেট্রোলজি) অনিন্দ্য দে।
বিএসটিআই কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থে বাজারে মানহীন, অবৈধ ও নিষিদ্ধ পণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
রিপোর্টার্স২৪/এসএন