নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার বারহাট্টা উপজেলার বড়গাঁও গ্রামে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে জাহাঙ্গীর আলম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (২১ জুন) বিকেলে উপজেলার বড়গাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম ওই গ্রামের মৃত আব্দুর রাশিদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বৃষ্টির সময় মাঠে থাকা গরু আনতে যান জাহাঙ্গীর আলম। এ সময় আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন।
প্রত্যক্ষদর্শী রেনু বেগম জানান, তিনি মাঠে গরু আনতে গিয়ে জাহাঙ্গীর আলমকে পড়ে থাকতে দেখেন। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে আশপাশের লোকজনকে খবর দেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, হাসপাতালে আনার পর চিকিৎসকরা ইসিজি পরীক্ষা করে নিশ্চিত হন যে জাহাঙ্গীর আলম আগেই মারা গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, দুই ভাই ও তিন বোনের মধ্যে জাহাঙ্গীর আলম ছিলেন সবার বড়। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক ধাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিনা আক্তার বলেন, খবর পাওয়ার পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। নিহতের পরিবারকে সরকারি সহায়তা প্রদানের ব্যবস্থা করা হবে।
রিপোর্টার্স২৪/এসএন