শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে একমাত্র চিংড়ি পোনা (পিএল) ক্রয়-বিক্রয় কেন্দ্রের মধ্য দিয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ড্রেন নির্মাণের উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন করেছেন ব্যবসায়ী, শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা।
সোমবার (২২ জুন) সকালে উপজেলার বংশীপুর চিংড়ি পোনা ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে ক্রয়-বিক্রয় কেন্দ্রের সামনে সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এম কে কামরুজ্জামান কচি। বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক কাদের গাজী, চিংড়ি পোনা ব্যবসায়ী ফারুক হোসেন, আবু বক্কার সিদ্দিক বাবু, আব্দুল আহাদসহ অন্যরা।
বক্তারা বলেন, বংশীপুর চিংড়ি পোনা ক্রয়-বিক্রয় কেন্দ্রটি দীর্ঘদিন ধরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চিংড়ি খাতের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত। প্রতিদিন এখানে বিপুল পরিমাণ চিংড়ি পোনা কেনাবেচা হয়, যা স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। কিন্তু বাজারের মধ্য দিয়ে ড্রেন নির্মাণ করা হলে ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হবে এবং বহু ব্যবসায়ী ও শ্রমিক জীবিকা হারানোর ঝুঁকিতে পড়বেন।
তাদের দাবি, উন্নয়ন কার্যক্রম অবশ্যই প্রয়োজন, তবে তা হতে হবে জনস্বার্থ ও বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ব্যবসায়ীদের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই অপরিকল্পিতভাবে ড্রেন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তারা।
ব্যবসায়ীরা বাজারের অবকাঠামো ও ব্যবসায়িক কার্যক্রম অক্ষুণ্ন রেখে বিকল্প পরিকল্পনার মাধ্যমে ড্রেন নির্মাণের দাবি জানান।
শ্যামনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌহিদ হাসান বলেন, চারটি উপজেলার মানুষ এ কেন্দ্র থেকে চিংড়ি পোনা (পিএল) ক্রয়-বিক্রয় করেন। প্রতিদিন এখানে প্রায় কোটি টাকার বেশি মূল্যের চিংড়ি পোনা কেনাবেচা হয়, যা স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
উল্লেখ্য, বাংলাদেশ মৎস্য অধিদপ্তর ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) বাস্তবায়নে ‘কমিউনিটি-বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে দুই বছর আগে বংশীপুরে এই চিংড়ি পোনা ক্রয়-বিক্রয় কেন্দ্রটি নির্মাণ করা হয়।
রিপোর্টার্স২৪/ মিতু