প্রিন্ট এর তারিখঃ | বঙ্গাব্দ || প্রকাশের তারিখঃ 23-06-2026 ইং
সংবাদ শিরোনামঃ বোরির মহাপরিচালক পদে সেনা সদস্য নিয়োগের প্রতিবাদ চবি'র অ্যালামনাই অ্যাসোসিয়েশনের
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট (বোরি)-এর মহাপরিচালক পদে সশস্ত্র বাহিনীর একজন সদস্যকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্স (এএমএসসিইউ)। সংগঠনটির দাবি, একটি বিশেষায়িত বৈজ্ঞানিক গবেষণা প্রতিষ্ঠানের নেতৃত্বে সংশ্লিষ্ট বিষয়ে দক্ষ ও গবেষণা-অভিজ্ঞ ব্যক্তিকে নিয়োগ দেওয়া উচিত।
২৩ জুন সংগঠনটির চট্টগ্রাম চ্যাপ্টারের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরীর স্বাক্ষরিত এক প্রতিবাদ বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সরকারের এ সিদ্ধান্ত গবেষণা প্রতিষ্ঠান পরিচালনার মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সামুদ্রিক গবেষণা ও ব্লু ইকোনমির সম্ভাবনাকে ঝুঁকির মুখে ফেলতে পারে।
সংগঠনটির ভাষ্য, বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের গবেষণা প্রতিষ্ঠানের নেতৃত্বে অভিজ্ঞ বিজ্ঞানী, শিক্ষাবিদ বা সংশ্লিষ্ট ক্ষেত্রে দীর্ঘদিন কাজ করা বিশেষজ্ঞরা দায়িত্ব পালন করেন। কিন্তু বাংলাদেশে সেই ধারার বাইরে গিয়ে আবারও একজন সামরিক সদস্যকে বোরির শীর্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে, যা হতাশাজনক।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, অতীতেও একই পদে একজন সামরিক কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছিল এবং সে সময়ও সংগঠনটি এর প্রতিবাদ করেছিল। তাদের দাবি, ওই নিয়োগের সময় প্রতিষ্ঠানে অযোগ্যতা ও অনিয়মের কারণে অপূরণীয় ক্ষতি হয়েছে এবং শেষ পর্যন্ত সরকার ওই কর্মকর্তাকে প্রত্যাহার করতে বাধ্য হয়। সেই অভিজ্ঞতার আলোকে বর্তমান সিদ্ধান্ত নিয়েও তারা উদ্বেগ প্রকাশ করেছে।
সংগঠনটি মনে করে, নতুন সরকারের কাছে মানুষের প্রত্যাশা ছিল রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানে যোগ্যতা, পেশাদারিত্ব ও মেধাকে অগ্রাধিকার দেওয়া হবে। বোরির মতো একটি গবেষণা প্রতিষ্ঠানে পুনরায় সামরিক সদস্য নিয়োগ সেই প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে তারা মন্তব্য করেছে।
তবে বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে, তাদের অবস্থান কোনো ব্যক্তি বা বাহিনীর বিরুদ্ধে নয়; বরং গবেষণাভিত্তিক একটি প্রতিষ্ঠানের নেতৃত্বে গবেষণা-অভিজ্ঞ ও যোগ্য ব্যক্তিকে নিয়োগ দেওয়ার পক্ষে। এ লক্ষ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বর্তমান নিয়োগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে যোগ্য গবেষককে মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।