স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের মঞ্চে ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো। উজবেকিস্তানের বিপক্ষে গোল করে টানা ষষ্ঠ বিশ্বকাপে গোল করার বিরল কীর্তি গড়েছেন ৪১ বছর বয়সী এই পর্তুগিজ মহাতারকা। যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধেই তার জোড়া গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় পর্তুগাল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে রবার্তো মার্টিনেজের দল। এরই ধারাবাহিকতায় জোয়াও ক্যানসেলোর নিখুঁত নিচু ক্রস থেকে নিকট পোস্টে বল জালে জড়িয়ে দেন রোনালদো। গোলের পর সতীর্থদের সঙ্গে উদযাপন শেষে দর্শকদের উদ্দেশে নিজের বিখ্যাত ‘সিইইউ’ উদযাপনও করেন তিনি।
এই গোলের মাধ্যমে রোনালদো বিশ্বকাপের ছয়টি ভিন্ন আসরে গোল করা প্রথম ফুটবলার হিসেবে ইতিহাসে নাম লেখান। ৪১ বছর ১৩৮ দিন বয়সে গোল করে তিনি বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় প্রবীণতম গোলদাতাও হয়েছেন। এই তালিকায় তার ওপরে রয়েছেন শুধু ক্যামেরুনের কিংবদন্তি রজার মিলা।
প্রথম গোলের পর ব্যবধান দ্বিগুণ করে পর্তুগাল। বক্সের ঠিক বাইরে পেদ্রো নেতোকে ফাউল করলে হলুদ কার্ড দেখেন উজবেক মিডফিল্ডার খামরোবেকভ। ফ্রি-কিক নিতে রোনালদো ও ব্রুনো ফার্নান্দেজ প্রস্তুতি নিলেও সবাইকে চমকে দিয়ে বিপরীত দিক থেকে দৌড়ে এসে নিচু শটে গোল করেন নুনো মেন্দেস। চমৎকার পরিকল্পনায় করা এই গোলের সময় অনেকেই ভেবেছিলেন শটটি নেবেন রোনালদো।
ম্যাচে ফিরতে চেষ্টা করেছিল উজবেকিস্তানও। ২৫ গজ দূর থেকে গানিয়েভের দুর্দান্ত শটে বল জালে জড়ালেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) পর্যালোচনায় গোলটি বাতিল হয়। কারণ, গোলের আগে ফাইজুল্লায়েভ বল দখলের সময় জোয়াও ক্যানসেলোর ওপর ফাউল করেছিলেন।
এরপর ৩৯তম মিনিটে আবারও আঘাত হানেন রোনালদো। ব্রুনো ফার্নান্দেজের অসাধারণ থ্রু পাস ধরে ডান দিক থেকে এগিয়ে গিয়ে নিখুঁত শটে বল পাঠিয়ে দেন জালের নিচের বাঁ কোণে। এটি ছিল বিশ্বকাপে রোনালদোর দশম গোল।
প্রথমার্ধের শেষদিকে জোয়াও ফেলিক্সের প্রচেষ্টায় আরও একটি গোলের সুযোগ তৈরি হলেও উজবেকিস্তানের রক্ষণ তা সামলে নেয়। তবে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের দখলেই রেখেছে পর্তুগাল।
রিপোর্টার্স২৪/বাবি