স্পোর্টস ডেস্ক: ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্লাব ফুটবল থেকে শুরু করে ব্যালন ডি’অর দুই যুগের বেশি সময় ধরে বিশ্ব ফুটবলে আধিপত্য ধরে রাখা এই দুই কিংবদন্তির মুখোমুখি লড়াই নিয়ে ভক্তদের আগ্রহ সবসময়ই তুঙ্গে। তবে এখনো পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে তাদের সরাসরি মুখোমুখি হওয়ার সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত দেখা যায়নি।
২০২৬ ফিফা বিশ্বকাপে সেই আক্ষেপ ঘুচে যেতে পারে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। ৪৮ দলের নতুন ফরম্যাটের কারণে এবার নকআউট পর্বের সমীকরণে একাধিক পথে আর্জেন্টিনা ও পর্তুগালের মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
বর্তমান সূচি অনুযায়ী, লিওনেল মেসির আর্জেন্টিনা রয়েছে ‘জে’ গ্রুপে এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল রয়েছে ‘কে’ গ্রুপে। গ্রুপ পর্বের ফলাফলের ওপর ভিত্তি করে দুই দলের নকআউট পথ একাধিকভাবে মিলিত হতে পারে।
আর্জেন্টিনা তাদের প্রথম দুই ম্যাচে জয় পেয়েছে এবং বর্তমানে গ্রুপে শীর্ষে অবস্থান করছে। শেষ ম্যাচে ফলাফল ভিন্ন হলেও হেড-টু-হেড সমীকরণে এগিয়ে থাকায় তাদের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনাই বেশি।
অন্যদিকে পর্তুগাল দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় অবস্থানে রয়েছে। শেষ ম্যাচে জয় পেলে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারে, আবার ফলাফল ভিন্ন হলে রানারআপ বা সেরা তৃতীয় দল হিসেবেও নকআউটে যেতে পারে।
কোয়ার্টার ফাইনালে সম্ভাব্য মুখোমুখি
সবচেয়ে বাস্তবসম্মত সম্ভাবনা হিসেবে ধরা হচ্ছে কোয়ার্টার ফাইনালকে। যদি আর্জেন্টিনা ও পর্তুগাল উভয় দলই নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অব ৩২ ও রাউন্ড অব ১৬ পার করতে পারে, তাহলে ১১ জুলাই কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে তাদের বহুল প্রতীক্ষিত মুখোমুখি লড়াই হতে পারে।
রাউন্ড অব ৩২–এও সম্ভাবনা
নতুন ফরম্যাটে সেরা তৃতীয় দলগুলোর নকআউটে ওঠার সুযোগ থাকায় আরও একটি অপ্রত্যাশিত সমীকরণ তৈরি হতে পারে। আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এবং পর্তুগাল যদি সেরা তৃতীয় দল হিসেবে নকআউটে যায়, তবে রাউন্ড অব ৩২-তেই মুখোমুখি হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
সেমিফাইনাল বা ফাইনালেও দেখা সম্ভব
যদি দুই দল আলাদা ব্র্যাকেটে পড়ে এবং ধারাবাহিকভাবে জয় পেতে থাকে, তবে সেমিফাইনাল কিংবা ফাইনালেও তাদের মুখোমুখি হওয়ার সুযোগ রয়েছে। বিশেষ করে ফাইনালের সম্ভাবনা সবচেয়ে বেশি আলোচনায়, যেখানে তারা পৌঁছালে মেটলাইফ স্টেডিয়ামে হতে পারে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচগুলোর একটি।
বিশ্লেষকদের মতে, বর্তমান ফর্ম ও শক্তিমত্তা বিবেচনায় সবচেয়ে বাস্তবসম্মত সম্ভাবনা হলো কোয়ার্টার ফাইনালেই এই দুই মহাতারকার মুখোমুখি হওয়া। তবে চূড়ান্ত চিত্র পরিষ্কার হবে গ্রুপ পর্ব শেষ হওয়ার পরই।
রিপোর্টার্স২৪/ঝুম