রিপোর্টার্স২৪ ডেস্ক: আওয়ামী লীগের বিরুদ্ধে গুম, খুন ও গণহত্যার অভিযোগের বিচার দাবিতে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সমাবেশকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। কর্মসূচিতে নারী অংশগ্রহণকারীদের বসার ব্যবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। এ বিতর্কে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ও চিকিৎসক ডা. তাসনিম জারা।
বুধবার (২৪ জুন) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি পরোক্ষভাবে সমাবেশে নারীদের বসার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন। তাসনিম জারা লেখেন, “সামনের সারির একটি আসনের বিনিময়ে সেই সব নীতি বিকিয়ে দিলেন, যা একসময় আমাদের বিশ্বাস করতে বলেছিলেন।
তিনি আরও লেখেন, “একটি আসন যেমন এক দিনে দেওয়া যায়, তেমনই এক দিনে কেড়েও নেওয়া যায়। কিন্তু আদর্শই একমাত্র জিনিস, যা কেউ দিতে পারে না, আবার কেউ কেড়েও নিতে পারে না যদি না নিজেই তা হাতছাড়া করেন।”
এর আগে মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর বিজয়নগরের তিন রাস্তার মোড়ে আওয়ামী লীগের বিচার দাবিতে সমাবেশের আয়োজন করে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। সমাবেশের বিভিন্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নারী-পুরুষের বসার স্থান নিয়ে বিতর্ক শুরু হয়।
এদিকে সমাবেশের একটি ছবি শেয়ার করে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনও সমালোচনামূলক মন্তব্য করেন। ফেসবুক পোস্টে তিনি লেখেন, “ভিজ্যুয়াল রিপ্রেজেন্টেশন অব ফার্স্ট ক্লাস অ্যান্ড সেকেন্ড ক্লাস সিটিজেনস অব এনসিপি।” পোস্টের শেষে তিনি ‘ব্যাটাগিরি মুর্দাবাদ’ মন্তব্যও যুক্ত করেন।
সমাবেশে নারীদের অবস্থান ও অংশগ্রহণের ধরন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান আলোচনা রাজনৈতিক অঙ্গনেও নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম