স্পোর্টস ডেস্ক: গ্রুপ ‘জে’ থেকে এক ম্যাচ হাতে রেখেই শেষ ৩২ নিশ্চিত করেছে আর্জেন্টিনা। গ্রুপসেরা হিসেবে নকআউট পর্বে জায়গা করে নেওয়ার পর শনিবার জর্ডানের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে বেশ কিছু পরিবর্তন নিয়ে দল নামাতে যাচ্ছেন কোচ লিওনেল স্কালোনি।
তবে বিকল্প একাদশে খেললেও বিশ্বচ্যাম্পিয়নদের দুই তারকা এমিলিয়ানো মার্তিনেজ ও লিওনেল মেসিকে মাঠে দেখা যেতে পারে বলে জানা গেছে।
আর্জেন্টাইন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ডান হাতের অনামিকা আঙুলের চোট থেকে সেরে ওঠা মার্তিনেজ খেলতে আগ্রহী। এ কারণে কোচিং স্টাফের সঙ্গে আলোচনা করে তার খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নওয়া হবে। সবকিছু ঠিক থাকলে শুরুর একাদশেই থাকতে পারেন অ্যাস্টন ভিলার এই গোলরক্ষক।
অন্যদিকে মেসিরও জর্ডানের বিপক্ষে মাঠে নামার সম্ভাবনা রয়েছে। তবে তিনি শুরু থেকেই খেলবেন, নাকি বেঞ্চে থেকে দ্বিতীয়ার্ধে নামবেন, তা এখনো নিশ্চিত নয়। অতিরিক্ত চাপ এড়ানোর বিষয়টি বিবেচনায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা যে বিশ্বকাপের এ পর্যন্ত পাঁচ গোল করা আর্জেন্টাইন অধিনায়ককে দেখতে পারবেন, সেটি প্রায় নিশ্চিত।
বিশ্বকাপজয়ী দলের জন্য মার্তিনেজ ও মেসির গুরুত্ব বিবেচনায় তাদের পরিস্থিতি আলাদা হলেও, বাকি পজিশনগুলোতে একাধিক পরিবর্তন আনতে যাচ্ছেন স্কালোনি।
রক্ষণভাগে পেশির চোটের কারণে অস্ট্রিয়ার বিপক্ষে খেলতে না পারা গনজালো মন্তিয়েল ডান প্রান্তে ফিরতে পারেন। সেন্টার-ব্যাকে অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দির সঙ্গী হিসেবে দেখা যেতে পারে মার্কোস সেনেসি অথবা ফাকুন্দো মেদিনাকে। বাঁ প্রান্তে খেলবেন নিকোলাস তালিয়াফিকো।
মিডফিল্ডে থাকবেন লিয়ান্দ্রো পারেদেস। তার সঙ্গী হতে পারেন এজেকুয়েল পালাসিওস অথবা ভ্যালেন্তিন বার্কো। দুই উইংয়ে সুযোগ পেতে পারেন গুইলিয়ানে সিমিওনে ও জিওভান্নি লো সোলসো। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচগুলোতে ব্যবহৃত কৌশলের সঙ্গে মিল রেখেই এই পরিকল্পনা করা হয়েছে।
আক্রমণভাগে নিয়মিত স্ট্রাইকার লাউতারো মার্তিনেজের জায়গায় খেলবেন হুলিয়ান আলভারেজ। এছাড়া ম্যাচের কোনো এক পর্যায়ে সুযোগ পেতে পারেন হোসে লোপেজ। আর মেসি মাঠে না থাকলে সৃজনশীল ভূমিকায় দেখা যেতে পারে তরুণ নিকো পাজকে। তথ্যসূত্র: টিওয়াইসি স্পোর্টস
রিপোর্টার্স২৪/ধ্রুব