ইন্টারন্যাশনাল ডেস্ক: রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞা কার্যকরের অংশ হিসেবে একটি সন্দেহভাজন ‘শ্যাডো ফ্লিট’ তেলবাহী জাহাজ আটক করেছে ফ্রান্স। বিষয়টি নিশ্চিত করেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।
বৃহস্পতিবার (২৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ম্যাক্রোঁ জানান, সিসিলির উপকূলের কাছে ফরাসি নৌবাহিনী মঙ্গলবার ‘ডেলিভার’ নামের একটি ট্যাংকারে অভিযান চালায়। তার ভাষায়, জাহাজটি আন্তর্জাতিক সামুদ্রিক আইন লঙ্ঘন করে চলাচল করছিল।
ম্যাক্রোঁ লিখেছেন, ‘ইউরোপীয়দের দৃঢ় সংকল্পেরই এটি একটি উদাহরণ। রাশিয়ার যুদ্ধ অর্থায়ন রোধ করতে ইউরোপ কোনোভাবেই নিষেধাজ্ঞা এড়ানোর সুযোগ দেবে না।’
তিনি উল্লেখ করেন, ‘আমরা শ্যাডো ফ্লিটকে নিষেধাজ্ঞা এড়িয়ে রাশিয়ার যুদ্ধ তহবিল জোগাতে দেব না। ইউরোপ দৃঢ়প্রতিজ্ঞ। আমরা যুদ্ধের খরচ বাড়াতে এবং ইউক্রেনে স্থায়ী শান্তির জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ চালিয়ে যাব।’
ফরাসি সম্প্রচারমাধ্যম বিএফএমটিভি জানায়, এটি সাম্প্রতিক মাসগুলোতে ফ্রান্সের আটক করা পঞ্চম জাহাজ। জাহাজটি ক্যামেরুনের পতাকা ব্যবহার করছিল এবং রাশিয়ার প্রিমোরস্ক বন্দর থেকে যাত্রা করেছিল বলে জানা গেছে।
তবে তদন্তে দেখা যায়, জাহাজটির প্রকৃত পরিচয় ও পতাকার বৈধতা নিয়ে সন্দেহ রয়েছে। পরে নথিপত্র যাচাইয়ে ক্যামেরুনের পতাকার বৈধতা নিয়েও প্রশ্ন উঠে আসে। ঘটনার পর বিষয়টি ফ্রান্সের মার্সেই প্রসিকিউটরের দপ্তরে রিপোর্ট করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
রিপোর্টার্স২৪/ধ্রুব