সুনামগঞ্জ প্রতিনিধি: ভাটির জনপদ সুনামগঞ্জে ৩ লাখ ৯৮ হাজার ৯০৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।বুধবার (২৪ জুন) দুপুর সাড়ে ১২টায় জেলা ইপিআই ভবন মিলনায়তনে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উদ্যোগে ও সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিং এ তথ্য জানানো হয়।
প্রেস ব্রিফিং-এ জানানো হয়, আগামী ২৮ জুন রোববার দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ অনুষ্টিত হবে।
প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলার ২ হাজার ১৭৯টি কেন্দ্রে ২৭৮ জন টিকাদানকারী ও ২ হাজার ১৭৯ জন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন।
এ কর্মসূচির মাধ্যমে জেলার ১২ উপজেলার ও চারটি পৌরসভার ৩ লাখ ৯৮ হাজার ৯০৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ডেপুটি সিভিল সার্জন ডা. শুকদেব সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত ব্রিফিংয়ে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক এ কে এম সেলিম ভূইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) তাপস শীল, সিভিল সার্জন কার্যালয়ের জেলা সমন্বয়ক ডা. রাজেস সিংহ মিথুন, এমএনসিএইচ কর্মকর্তা ডা. তানভীরুল ইসলাম সজীব, জেলা এসআরএইচআর সমন্বয়ক ডা. পূজা সাহা এবং জেলা ইপিআই সমন্বয়ক জসিম উদ্দিন শাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বক্তারা শিশুদের অপুষ্টি জনিত রোগ, রাতকানা রোগ ও বিভিন্ন সংক্রামক রোগ প্রতিরোধে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও শিশুমৃত্যু হ্রাসে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের গুরুত্ব তুলে ধরে অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে আসার আহ্বান জানান।
রিপোর্টার্স ২৪/এম এইচ