স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের দুই সপ্তাহ পেরোতে না পেরোতেই জমে উঠেছে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’ জয়ের লড়াই। এখন পর্যন্ত আর্জেন্টিনার লিওনেল মেসি, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে, নরওয়ের এরলিং হালান্ড এবং ইংল্যান্ডের হ্যারি কেন রয়েছেন এই দৌড়ে সবচেয়ে এগিয়ে।
দুই ম্যাচ শেষে পাঁচ গোল নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিক করেন তিনি। পরের ম্যাচেও করেন আরও দুটি গোল। এর মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ডও গড়েছেন এই আর্জেন্টাইন মহাতারকা। গ্রুপ পর্বে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ জর্ডানের বিপক্ষে আরও গোল করার সুযোগও রয়েছে তার সামনে।
চার গোল নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ও নরওয়ের এরলিং হালান্ড। সেনেগালের বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপ শুরু করেন এমবাপ্পে, পরে ইরাকের বিপক্ষেও করেন আরও দুটি গোল। ফ্রান্সের শক্তিশালী আক্রমণভাগ এবং দলের সম্ভাব্য দীর্ঘ যাত্রা তাকে গোল্ডেন বুটের অন্যতম দাবিদার করে তুলেছে।
অন্যদিকে নরওয়ের হয়ে দুর্দান্ত ছন্দে রয়েছেন এরলিং হালান্ড। ইরাকের বিপক্ষে দুই গোলের পর সেনেগালের বিপক্ষেও জোড়া গোল করেন তিনি। গোল করাকেই নিজের বিশেষ দক্ষতা উল্লেখ করে হালান্ড বলেছেন, তিনি গোল করতে খুবই পারদর্শী। তবে নরওয়ের নকআউট পর্বে কতদূর যেতে পারে, সেটিই হতে পারে তার গোল্ডেন বুট জয়ের পথে বড় বাধা।
ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন এখন পর্যন্ত করেছেন দুই গোল। ক্রোয়েশিয়ার বিপক্ষে জোড়া গোল করে টুর্নামেন্ট শুরু করলেও ঘানার বিপক্ষে গোল পাননি তিনি। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পানামার বিপক্ষে গোলসংখ্যা বাড়ানোর সুযোগ রয়েছে ইংলিশ এই স্ট্রাইকারের সামনে। ২০১৮ বিশ্বকাপেও পানামার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন কেন এবং শেষ পর্যন্ত জিতেছিলেন গোল্ডেন বুট।
এদিকে ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র, জার্মানির কাই হাভার্টজ এবং স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালও ধীরে ধীরে এই লড়াইয়ে নিজেদের অবস্থান শক্ত করছেন। মরক্কো, হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে গোল করে আলোচনায় এসেছেন ভিনিসিয়ুস। জার্মানির আক্রমণভাগে বড় ভরসা হাভার্টজ, আর ইনজুরি কাটিয়ে ফিরেই সৌদি আরবের বিপক্ষে গোল করে সম্ভাবনার জানান দিয়েছেন ইয়ামাল।
বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলো এবং নকআউট রাউন্ডের পারফরম্যান্সই শেষ পর্যন্ত নির্ধারণ করবে উত্তর আমেরিকার মাটিতে কার হাতে উঠবে এবারের গোল্ডেন বুট।
রিপোর্টার্স২৪/বাবি