স্পোর্টস ডেস্ক: সম্প্রতি ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে নিহতদের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানিয়ে বিশ্বকাপের গ্রুপ ‘এল’-এর ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করেছে ইংল্যান্ড ও পানামা।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে দুই দলের জাতীয় সংগীত পরিবেশনের পর খেলা শুরুর ঠিক আগে এই নীরবতা পালন করা হয়। এ সময় মাঠে উপস্থিত খেলোয়াড়, ম্যাচ কর্মকর্তাসহ গ্যালারিতে থাকা হাজারো দর্শক প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারানো মানুষের স্মৃতির প্রতি সম্মান জানান এবং ভেনেজুয়েলার জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন।
এদিকে ম্যাচের দিন নিউ জার্সিতে বিকেল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। খেলা চলাকালেও বৃষ্টি অব্যাহত থাকায় দর্শক ও সংবাদকর্মীদের কিছুটা ভোগান্তির মুখে পড়তে হয়।
ফিফার পক্ষ থেকে মূল প্রেস বক্সের বাইরে বিশেষ গ্যালারিতে সাংবাদিকদের বসার ব্যবস্থা করা হলেও পর্যাপ্ত ছাউনি না থাকায় অনেককেই বৃষ্টির মধ্যেই পেশাগত দায়িত্ব পালন করতে হয়েছে।
তবে প্রতিকূল আবহাওয়া দর্শকদের উচ্ছ্বাসে ভাটা ফেলতে পারেনি। ম্যাচের শুরু থেকেই গ্যালারি জুড়ে ছিল সমর্থকদের সরব উপস্থিতি। গান, স্লোগান, করতালি ও বিভিন্ন ধ্বনিতে মুখর ছিল পুরো স্টেডিয়াম।
মাঠে উপস্থিত দর্শকদের বড় একটি অংশই ছিল ইংল্যান্ডের সমর্থক। নির্দিষ্ট বিরতিতে তারা নিজেদের দলের প্রতি সমর্থন জানিয়ে স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন।
রিপোর্টার্স২৪/বাবি