প্রিন্ট এর তারিখঃ | বঙ্গাব্দ || প্রকাশের তারিখঃ 28-06-2026 ইং
সংবাদ শিরোনামঃ বিএনপির মিছিলে নিষিদ্ধ ছাত্রলীগের হামলা, আহত ১০
রিপোর্টার্স ডেস্ক: পটুয়াখালীর বাউফলে বিএনপির মোটরসাইকেল শোডাউনের মিছিলে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের হামলার ঘটনায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মী আহত হয়েছেন।
শনিবার (২৭ জুন) রাত পৌনে ৯টার দিকে পটুয়াখালীর বাউফল উপজেলার দাশপাড়া ইউনিয়নের দাসপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হামলায় আহতরা হলেন- উপজেলার মধ্য দাশপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ (৩৫, বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন (৪৫), যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ (৩৫), শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক কাওসার (৪২) এবং ছাত্রদলের সহ সভাপতি রাসেলসহ (৩০) অন্তত ১০ জন। হামলার ঘটনায় গুরুতর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং বাকিরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
বিএনপি নেতাকর্মী সূত্রে জানা যায়, বিএনপি নেতাকর্মীদের একটি মোটরসাইকেল শোডাউন চলাকালে পথিমধ্যে দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাদের ওপরে হামলা চালায়।
দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবর মৃধা বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে সন্ধ্যার দিকে পৌর শহরের বাংলাবাজার এলাকা থেকে আমরা দাশপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৪০-৫০টি মোটরসাইকেল নিয়ে মিছিল বের করি। আমাদের মিছিলটি নাজিরপুর ইউনিয়নের ডালিমা ও কালাইয়া বন্দর বেইলী ব্রিজ হয়ে দাশপাড়া বাসস্ট্যান্ডের কাছে পৌঁছানোর পর ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমাদের অন্তত ১০ জন আহত হয়েছেন।’
উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব সাইফুল ইসলাম খোকন অভিযোগ করে বলেন, স্থানীয় হেলাল রাড়ী, রিয়াজ সালাম, রাব্বি, রাসেল ও হেলালের নেতৃত্বে ২০-২৫ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মোটরসাইকেলের বহরে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালায়। হামলাকারীরা কালাইয়া ও দাশপাড়া ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী এবং সমর্থক। তাদের অতর্কিত হামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মী আহত হয়েছে। তারা আমাদের ২০-২৫টি মোটরসাইকেলয ভাঙচুর করেছে।