শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলায় প্রতিপক্ষের হামলায় অন্তত ২০টি বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার সকালে উপজেলার গয়েশপুর ইউনিয়নের মাশালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাশালিয়া গ্রামের আব্দুর রশিদ ও আকবর মণ্ডলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে গত ১৮ মে প্রতিপক্ষের হামলায় আকবর মণ্ডল নিহত হন। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
ঘটনার পর থেকেই প্রতিপক্ষ রশিদ গ্রুপের সদস্যরা গ্রাম ছেড়ে আত্মগোপনে রয়েছেন। আকবর মণ্ডল নিহত হওয়ার পর উভয় পক্ষের মধ্যে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।
অভিযোগ রয়েছে, শনিবার সকালে নিহত আকবর মণ্ডলের ছেলে হাসান আলীর নেতৃত্বে মখম, খোকন, ইয়াকুব, জব্বার, মতিন, শহীদসহ কয়েকজন সংঘবদ্ধ হয়ে আলাউদ্দিন শেখ, সবুর খাঁ, নিকবার খাঁ, ইকবার খাঁ, হৃদয়, নজরুল শেখ, কামরুল শেখ, ওলিয়ার শেখ, আলম শেখ, রাসেল শেখ, আহম, মহম, ওহাব, ছবিয়ার ও মহনের বাড়িসহ অন্তত ২০টি বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন