বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের নাগেরবাজার এলাকায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শনিবার (২৮ জুন) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রাজিয়া বেগমের (৩৫) স্বামী বেল্লাল সরদার।
স্থানীয় সূত্রে জানা গেছে, নাগেরবাজারের মরহুম হাজী মমিনউদ্দিনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন বেল্লাল সরদার ও তার স্ত্রী রাজিয়া বেগম। শনিবার বিকেলে পারিবারিক কলহের একপর্যায়ে বেল্লাল সরদার তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
ঘটনার খবর পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে রাজিয়া বেগমকে নিথর অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
স্থানীয় বাসিন্দাদের দাবি, বেল্লাল সরদার পেশায় একজন ভ্যানচালক। দিন এনে দিন খাওয়া এই পরিবারটি দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ছিল। এছাড়া স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকত বলে প্রতিবেশীরা জানিয়েছেন।
কয়েকজন স্থানীয় বাসিন্দার দাবি, বেল্লাল সরদার মানসিক সমস্যায় ভুগছিলেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো সরকারি বা চিকিৎসাসংক্রান্ত তথ্য পাওয়া যায়নি।
ঘটনার পর পুলিশের বক্তব্য জানার চেষ্টা করা হলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেননি। এছাড়া এ ঘটনায় মামলা হয়েছে কি না বা কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশের তদন্ত এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত জানা যাবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন