স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফুটবল বিশ্বকাপে ইতিহাসের সবচেয়ে ছোট জনসংখ্যার দেশ হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়ে আলোচনায় থাকা কেপ ভার্দে এবার ভিন্ন এক কারণে শিরোনামে এসেছে। দলটির অধিনায়ক রায়ান মেন্দেসের বিরুদ্ধে এক ব্রাজিলিয়ান নারী ধর্ষণের অভিযোগ এনেছেন। অভিযোগের ঘটনায় নিউজিল্যান্ড পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো স্পোর্তের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের মার্চ মাসে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ফিফা সিরিজ চলাকালে ঘটনাটি ঘটে। সে সময় কেপ ভার্দে স্বাগতিক নিউজিল্যান্ড ও চিলির বিপক্ষে ম্যাচ খেলতে দেশটিতে অবস্থান করছিল।
অভিযোগকারী ব্রাজিলিয়ান নারী নিউজিল্যান্ড ফুটবল ফেডারেশনের নিয়োগপ্রাপ্ত একজন দোভাষী হিসেবে কেপ ভার্দে দলের সঙ্গে কাজ করছিলেন। তার দাবি, গত ২৭ মার্চ অকল্যান্ডে দলের হোটেলে একটি কাজসংক্রান্ত বৈঠকের কথা বলে তাকে একটি সামাজিক আড্ডায় নেওয়া হয়। পরে নিজ কক্ষে ফিরে যাওয়ার পর রায়ান মেন্দেস সেখানে প্রবেশ করে তাকে শারীরিক নির্যাতন ও ধর্ষণ করেন।
ভুক্তভোগীর দাবি অনুযায়ী, ঘটনার পর চিকিৎসা ও ফরেনসিক পরীক্ষা সম্পন্ন করা হয় এবং মেডিকেল রিপোর্টে শারীরিক আঘাতের আলামত পাওয়া গেছে। এসব নথি সংযুক্ত করে তিনি ফিফা ও কেপ ভার্দে ফুটবল ফেডারেশনের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, অভিযোগকারী নারী ঘটনার পর একাধিকবার কেপ ভার্দে ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের কাছে সহযোগিতা চাইলেও কার্যকর কোনো সহায়তা পাননি। গত ১০ মে তিনি ও তার স্বামী মেন্ডেসকে দল থেকে বহিষ্কারের দাবিতে ফিফা এবং কেপ ভার্দে ফুটবল ফেডারেশনের কাছে আইনি নোটিশ পাঠান।
নিউজিল্যান্ড পুলিশ জানিয়েছে, গত এপ্রিল থেকে বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তবে এখন পর্যন্ত রায়ান মেন্দেসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র বা চার্জ গঠন করা হয়নি।
এদিকে নিউজিল্যান্ড ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, বিষয়টি বর্তমানে পুলিশের তদন্তাধীন থাকায় এ নিয়ে বিস্তারিত মন্তব্য করা সমীচীন হবে না।
ফিফা জানিয়েছে, তারা নিউজিল্যান্ড কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং তদন্তের অগ্রগতি পর্যবেক্ষণ করছে। তবে কেপ ভার্দে ফুটবল ফেডারেশন ও রায়ান মেন্দেস এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি।
গ্লোবো স্পোর্তে প্রকাশিত একটি হোয়াটসঅ্যাপ বার্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, কেপ ভার্দে দলের এক কর্মকর্তা অভিযোগকারীকে ঘটনাটিকে মেন্দেসের ‘ব্যক্তিগত বিষয়’ হিসেবে উল্লেখ করে এ বিষয়ে তাদের কিছু করার নেই বলে জানান।
৩৬ বছর বয়সী রায়ান মেন্দেস বর্তমানে তুরস্কের দ্বিতীয় বিভাগের ক্লাব ইগদির এফকের হয়ে খেলেন। ক্যারিয়ারে তিনি ফ্রান্সের লিল ও লে আভর, ইংল্যান্ডের নটিংহ্যাম ফরেস্ট, সংযুক্ত আরব আমিরাতের আল-নাসরসহ একাধিক ক্লাবে খেলেছেন। কেপ ভার্দের হয়ে তিনি চারটি আফ্রিকা কাপ অব নেশনস এবং ২০২৬ বিশ্বকাপে অংশ নিচ্ছেন।
অভিযোগের সত্যতা এখনো আদালত বা তদন্ত সংস্থা দ্বারা প্রমাণিত হয়নি। ফলে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিষয়টি অভিযোগ হিসেবেই বিবেচিত হবে।
রিপোর্টার্স২৪/বাবি